টিসিবির পণ্য বিক্রি শুরু

পবিত্র রমজান মাস উপলক্ষে গতকাল সোমবার থেকে সারা দেশে পণ্য বিক্রি শুরু করেছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সংস্থাটির বিক্রয়কেন্দ্র, পরিবেশক ও ভ্রাম্যমাণ ট্রাক থেকে ক্রেতারা বাজারদরের চেয়ে বেশ কম মূল্যে পণ্য কিনতে পারছেন। এবার পণ্যের মানও ভালো বলে জানিয়েছেন ক্রেতারা।
দেশজুড়ে ১৮৫টি ভ্রাম্যমাণ ট্রাক, ২ হাজার ৮১১ জন পরিবেশক এবং ১০টি খুচরা বিক্রয়কেন্দ্রের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩০টি, চট্টগ্রামে ১০টি, অন্যান্য বিভাগীয় শহরে ৫টি এবং জেলা সদরে ২টি করে ট্রাক থাকার কথা। এসব স্থান থেকে একজন ক্রেতা সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৩ কেজি মসুর ডাল, ৫ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি ছোলা কিনতে পারছেন। টিসিবি চিনি কেজিপ্রতি ৫৫ টাকা, মাঝারি দানার মসুর ডাল ৮০ টাকা, বোতলজাত সয়াবিন তেল ৮৫ টাকা লিটার ও ৭০ টাকা কেজি দরে ছোলা বিক্রি করছে।
রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি এলাকার টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকের বিক্রেতা মনির হোসেন বলেন, সকাল নয়টার দিকে তিনি পণ্য বিক্রি শুরু করেছেন। কয়েক ঘণ্টার মধ্যে ৪০০ কেজি চিনি বিক্রি শেষ হয়ে গেছে। এরপর সয়াবিন তেল ও ছোলা শেষ হয়েছে। বেলা তিনটার দিকে তিনি শুধু মসুর ডাল বিক্রি করছিলেন।
টিসিবির মুখপাত্র মুখপাত্র হুমায়ুন কবির বলেন, ভিড় বেশি থাকলে পরিবেশকেরা একজন ক্রেতাকে দেওয়া পণ্যের পরিমাণ কমিয়ে দিতে পারেন। চিনি ৪ কেজির বদলে ২ কেজি করেও দেওয়া যাবে।