টিসিবির পণ্য বিক্রি ২৩ জুন থেকে শুরু
পবিত্র রমজান উপলক্ষে ২৩ জুন থেকে সারা দেশে খোলা ট্রাকে করে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল ও ছোলা বিক্রি শুরু করবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।একই দিন থেকে ঢাকায় চারটি এবং অন্যান্য বিভাগীয় শহরে একটি করে ১০টি নিজস্ব বিক্রয়কেন্দ্রেও এসব পণ্য বিক্রি করবে টিসিবি।এসব ট্রাক ও বিক্রয়কেন্দ্র থেকে যে কেউ এক লিটারের সয়াবিন তেলের পেট বোতল ১২১ টাকা ও খোলা তেল ১০৫ টাকা, পাম তেল ৭৫ টাকা, প্রতি কেজি চিনি ৪৪ টাকা, মসুর ডাল ৭০ টাকা এবং ছোলা ৬০ টাকায় কিনতে পারবেন।টিসিবির তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, সারা দেশে ১৭৪টি ট্রাকে করে এসব পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকায় ২৫টি, চট্টগ্রামে ১০টি, অন্যান্য বিভাগীয় শহরে পাঁচটি করে এবং প্রতিটি জেলা সদরে দুটি করে ট্রাকে পণ্য বিক্রি হবে।প্রতিটি ট্রাকে প্রতিদিন এক হাজার কেজি চিনি, ২০০ কেজি করে মসুর ডাল ও ছোলা এবং ২০০ লিটার সয়াবিন তেল বিক্রি করা হবে।প্রতিটি ডিলারকে ১০০০-৫০০০ কেজি চিনি, ৫০০-১০০০ কেজি মসুর ডাল, ৪০০-১০০০ লিটার ড্রামজাত এবং ২০০ লিটার পেট বোতল সয়াবিন তেল, ২০০ লিটার পাম তেল, দেড় হাজার কেজি ছোলা বরাদ্দ দেওয়া হবে।