টিসিবির পণ্যসামগ্রী ডিলারদের মাধ্যমে বিক্রির প্রক্রিয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাসে সাশ্রয়ী মূল্যে জনসাধারণের মধ্যে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন ভোগ্যপণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সংস্থাটি সারা দেশে এক হাজার ৮১৯ জন ডিলারের মাধ্যমে এই বিক্রয় কার্যক্রম চালাবে।বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান গতকাল রোববার এই কার্যক্রম উদ্বোধন করেন। ঢাকাসহ সারা দেশে একযোগে সব বিভাগীয় সদরসহ ১২টি স্থান থেকে ডিলারদের কাছে পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের এক হাজার ৮১৯ জন ডিলারের কাছে এসব পণ্য বিতরণ করা হবে।রাজধানীর তেজগাঁও এলাকায় টিসিবির গুদাম থেকে আনুষ্ঠানিকভাবে পাঁচজন ডিলারের কাছে পণ্যসামগ্রী হস্তান্তর করেন বাণিজ্যমন্ত্রী। ডিলার সংস্থাগুলো হলো: মেসার্স মা ট্রেডার্স, মেসার্স এম এস এন্টারপ্রাইজ, মেসার্স জহির ট্রেডার্স, মেসার্স ভূঁইয়া রাইস এজেন্সি ও মেসার্স ইসলাম স্টোর। টিসিবির চেয়ারম্যান মো. খলিলুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন, অতিরিক্ত সচিব এম মুর্তজা রেজা চৌধুরী এবং টিসিবির পরিচালক মাহফুজার রহমান ডিলারদের উদ্দেশে বক্তৃতা করেন। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, টিসিবির ডিলাররা সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। তাঁরা টিসিবিরই অংশ। তাঁরা যেন দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে ভালো মানুষ ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করতে পারেন। তিনি অসাধু ব্যবসায়ীদের মতো কাজ না করার জন্য ডিলারদের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে জানানো হয়, প্রত্যেক ডিলারকে তিন টন চিনি, এক টন সয়াবিন তেল, এক টন ছোলা এবং এক টন মসুর ডাল বরাদ্দ দেওয়া হচ্ছে। এর জন্য প্রত্যেক ডিলারকে তিন লাখ ১১ হাজার টাকা পরিশোধ করতে হয়েছে।ডিলাররা প্রতি কেজি চিনি ৪৫ টাকা, সয়াবিন তেল ৭৮ টাকা, ছোলা ৪৪ টাকা এবং মসুর ডাল ৭৮ টাকা দরে বিক্রি করবেন। এর মাধ্যমে ডিলাররা বিতরণ কেন্দ্র/গুদাম থেকে ৫০ কিলোমিটারের মধ্যে প্রতি কেজি/প্রতি লিটারে তিন টাকা কমিশন পাবেন। ৫০ কিলোমিটারের ঊর্ধ্বে হলে চার টাকা করে কমিশন পাবেন। অনুষ্ঠানে আরও জানানো হয়, আগামী ৮ থেকে ১০ দিন পর ডিলারদের মাঝে দ্বিতীয় পর্যায়ে পণ্য বিতরণ করা হবে এবং বাজারে চাহিদা থাকলে তৃতীয় পর্যায়েও পণ্য বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা হবে।উল্লেখ্য, টিসিবির নির্দেশনা অনুসারে একজন ক্রেতার কাছে একই সময়ে সর্বোচ্চ দুই কেজি চিনি, পাঁচ লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও দুই কেজি ছোলা বিক্রি করা যাবে। এর জন্য ক্রেতাদের মাস্টাররোল সংরক্ষণ করতে হবে।রমজান মাস সামনে রেখে এ বছর টিসিবির পণ্য বিতরণ পরিকল্পনার মধ্যে রয়েছে ২৫ হাজার টন চিনি, ২০ হাজার টন সয়াবিন তেল, ১০ হাজার টন মসুর ডাল, দুই হাজার টন ছোলা এবং পাঁচ হাজার টন পাম তেল।খুলনা: প্রথম আলোর খুলনা অফিস জানায়, তিনটি পণ্য নিয়ে গতকাল খুলনায় শুরু হয়েছে টিসিবির বিক্রয় কার্যক্রম। এগুলো হলো: চিনি, সয়াবিন তেল ও ছোলা। এর আগে টিসিবির খুলনা আঞ্চলিক কার্যালয় থেকে রমজান মাস সামনে রেখে এই তিনটি পণ্যের সঙ্গে পাম তেল ও মসুর ডাল বিক্রির কথাও জানানো হয়েছিল। টিসিবির খুলনা আঞ্চলিক কার্যালয়ের গুদাম থেকে খুলনা সিটি করপোরেশন এলাকা, খুলনা জেলা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, নড়াইল, যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, গোপালগঞ্জ এবং রাজবাড়ী জেলার ডিলাররা পণ্য উত্তোলন করতে পারবেন। খুলনাসহ ১৪টি জেলার জন্য মোট ৩৩৯ জন ডিলার পণ্য উত্তোলন করতে পারবেন।টিসিবির খুলনা আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, খুলনার জন্য এক হাজার ১৭ মেট্রিক টন চিনির চাহিদা। খুলনা মহানগরসহ আশপাশের ৫০ কিলোমিটারের ভেতরের ডিলাররা তাঁদের কাছ থেকে ৪২ টাকা কেজি দরে চিনি কিনবেন এবং সাধারণ ক্রেতাদের কাছে ৪৫ টাকা কেজি দরে বিক্রি করবেন। প্রত্যেক ডিলার তিন টন করে চিনি পাবেন। খুলনায় সয়াবিন তেলের চাহিদা ১৭ লাখ ৩৯ হাজার ২০০ লিটার। এক, দুই, পাঁচ এবং আট লিটারের প্লাস্টিকের বোতলজাত সয়াবিন তেল বিক্রি করা হবে। প্রতি লিটার সয়াবিন তেল ৭৫ টাকা করে ক্রয় করে ডিলাররা তা ক্রেতাদের কাছে ৭৮ টাকায় বিক্রি করবেন।খুলনায় ছোলার ৩৩৯ টনের চাহিদার বিপরীতে এখন পর্যন্ত এসেছে ২৫০ টন। ডিলাররা প্রতি কেজি ছোলা ৪১ টাকায় ক্রয় করে ৪৪ টাকায় বিক্রি করবেন।টিসিবির খুলনা আঞ্চলিক কার্যালয়ের মো. রবিউল মোর্শেদ জানান, ডিলাররা ব্যাংকে টাকা জমা দিয়ে রসিদ নিয়ে আসার পরই তাঁদের চাহিদামতো পণ্য দিয়ে দেওয়া হচ্ছে। মসুর ডাল ও পাম তেলের বিয়য়ে ঢাকা কার্যালয় এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। এবার টিসিবির খুচরা বিক্রয়কেন্দ্র থাকছে না।