শনিবার থেকে খোলাবাজারে বিক্রি শুরু আমদানি হয়েছে ৩০০ টন
টিসিবির পেঁয়াজের কেজি এবার ৬৫ টাকা
ঈদের পরও পেঁয়াজের মূল্যবৃদ্ধি থেমে নেই। রাজধানীর বাজারে এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১১০ টাকা।
দাম সহনীয় পর্যায়ে আসার লক্ষ্য নিয়ে আবারও তাই শনিবার থেকে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করতে যাচ্ছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
তবে পেঁয়াজের বিক্রয়মূল্য আরেক দফা বাড়িয়েছে টিসিবি। এর আগে প্রতি কেজি পেঁয়াজ ৫৫ টাকায় বিক্রি করলেও এবার বিক্রির দর নির্ধারণ করা হয়েছে ৬৫ টাকা।
টিসিবির দাবি, পেঁয়াজের আমদানিমূল্য বেশি হওয়ায় আগের চেয়ে ১০ টাকা বেশি দামে বিক্রির দর নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
জানতে চাইলে টিসিবির চেয়ারম্যান সারোয়ার জাহান তালুকদার গত রাতে প্রথম আলোকে বলেন, ‘আমরা ভারত থেকে ৩০০ টন পেঁয়াজ আমদানি করেছি। সেটা আজকে (বৃহস্পতিবার) এসে পৌঁছেছে। সে দেশে পেঁয়াজের দাম বেশি হওয়ায় আমাদের আমদানিমূল্যও বেশি পড়েছে। তাই দামও বেশি রাখতে হচ্ছে।’ তিনি জানান, বাজার সহনীয় না হওয়া পর্যন্ত খোলাবাজারে পেঁয়াজের বিক্রি চলবে।
বাণিজ্য মন্ত্রণালয় গত বুধবারই সভা করে বলেছে, ভারতের নতুন পেঁয়াজ অনেক কম দামে দেশে আসছে। পাকিস্তান থেকে দেশে আসার পথে রয়েছে ১৫০টি কনটেইনার ভর্তি পেঁয়াজ। মিয়ানমার থেকে আসা পেঁয়াজও টেকনাফ থেকে সরাসরি চলে আসছে ঢাকায়। তাই পেঁয়াজের দাম কমে যাওয়া এখন সময়ের ব্যাপার। কিন্তু এর এক দিন পরই টিসিবির পেঁয়াজ বিক্রির দর বাড়িয়ে নির্ধারণ করেছে মন্ত্রণালয়।
টিসিবির কর্মকর্তারা বলছেন, রাজধানী ঢাকার ২৫টি স্থানসহ সারা দেশে মোট ১৭৪টি স্থানে ট্রাকে করে পেঁয়াজ বিক্রি করা হবে। বাজারে চাহিদা থাকা পর্যন্ত এ বিক্রি কার্যক্রম চলবে। এসব ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।
পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে সরকার টিসিবির মাধ্যমে পেঁয়াজ আমদানি ও খোলাবাজারে বিক্রির উদ্যোগ নেয়। এর পরিপ্রেক্ষিতে ২৯ আগস্ট থেকে ৪৭ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু করে টিসিবি। এরপর ২২ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় দফায় ৫৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু করা হয়। অবশ্য ভারত তখন টনপ্রতি পেঁয়াজের রপ্তানিমূল্য ৬০০ থেকে বাড়িয়ে ৯০০ ডলার করে। তবে এখন তৃতীয় দফায় বিক্রির পেঁয়াজের দর ১০ টাকা বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ করা হলো।