টু-জি লাইসেন্স বাতিলের আশঙ্কা করছে না জিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টু-জি (দ্বিতীয় প্রজন্মের) লাইসেন্স কেলেঙ্কারিতে ভারত সরকার সম্প্রতি ইউনিনরের লাইসেন্স বাতিল করলেও বাংলাদেশে সে রকম কিছু আশঙ্কা করছে না গ্রামীণফোন (জিপি)। রাজধানীর একটি হোটেলে গতকাল বুধবার জিপির ২০১১ সালের আর্থিক ফলাফল নিয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা টোরে জনসন।সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১১ সালে জিপির রাজস্ব আয় হয়েছে আট হাজার ৯০৬ কোটি টাকা, যা ২০১০ সালের তুলনায় ১৯ দশমিক ২ শতাংশ বেশি। আর নিট মুনাফা হয়েছে এক হাজার ৮৮৯ কোটি টাকা (২১ দশমিক ২ শতাংশ মার্জিনসহ)।সংবাদ সম্মেলনে গ্রামীণফোন ২০১১ সালের শেয়ারহোল্ডারদের জন্য আরও ৬৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে গত বছরের ১৯ জুলাই জিপি অন্তর্বর্তীকালিন ১৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। এর ফলে ২০১১ সালে কোম্পানিটির ঘোষিত মোট লভ্যাংশের পরিমাণ দাঁড়ালো ২০৫ শতাংশে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টোরে জনসন বলেন, ‘ভারতের মতো কোনো অবস্থা বাংলাদেশে হবে বলে মনে হয় না। তবে অবশ্যই আমরা কোর্টের আদেশ অনুসরণ করব।’প্রসঙ্গত, ভারতের ইউনিনর ও বাংলাদেশে গ্রামীণফোনের মূল কোম্পানি হলো নরওয়েভিত্তিক টেলিনর।টু-জি (দ্বিতীয় প্রজন্মের) লাইসেন্স নবায়ন ও তরঙ্গ ফি থেকে উৎসে কর কর্তন এবং ২০০৮ সালে কেনা তরঙ্গের (স্পেকট্রাম) ওপর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ‘মার্কেট ক্যাপিটালাইজেশন ফ্যাক্টর’ বা বাজার মূলধনে বিষয়টি যোগ করলে জিপি উচ্চ আদালতের দ্বারস্থ হয়। উচ্চ আদালত জিপিকে বিনা বাধায় কার্যক্রম এগিয়ে নেওয়ার আদেশ দেন।এ ছাড়া বিটিআরসি গত বছরের এক নিরীক্ষার ভিত্তিতে তিন হাজার ৩৪ কোটি টাকা দাবি করে জিপির কাছে। এ বিষয়টিও উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। উচ্চ আদালত গত বছরের ৭ ডিসেম্বর থেকে পরবর্তী ছয় মাসের জন্য উভয় প্রতিষ্ঠানকে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। শেয়ারপ্রতি উচ্চ লভ্যাংশ ঘোষণা করে হাজার কোটি টাকা দেশের বাইরে নিয়ে গেলেও স্থানীয় ব্যাংক থেকে আবার ঋণ নেওয়া হচ্ছে—এ বিষয়ে জানতে চাইলে উপপ্রধান নির্বাহী কর্মকর্তা রায়হান শামসি বলেন, ‘শেয়ারহোল্ডারদের আশা অনুযায়ী লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। গ্রামীণফোন তার আয়ের ৮০ শতাংশই দেশেই বিনিয়োগ করেছে।’ এ ছাড়া ব্যাংক থেকে ঋণ নিলেও তা থেকে লভ্যাংশ দেওয়া হয় না বলে তিনি উল্লেখ করেন। জিপি ২০১১ সালে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে আয় করেছে প্রায় ১৪ টাকার মতো। ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় জিপি।