টুকিটাকি
ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের মা-বাবার টিআইএন
আপনি চাইলেই এখন আর ইংরেজি মাধ্যম এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্কুলে আপনার ছেলেমেয়েকে ভর্তি করাতে পারবেন না। এ জন্য আপনাকে অবশ্যই একটি সনদ থাকতে হবে। তা হলো ১২ ডিজিটের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন)। এই সনদ বাধ্যতামূলকভাবে স্কুল
কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হবে। শুধু বাবা-মা নন, শিক্ষার্থীদের আইনি অভিভাবকের ক্ষেত্রেও একই বিধান।
মূসক বসল বেসরকারি বিশ্ববিদ্যালেয়
এত দিন ইংরেজি মাধ্যমের স্কুলের ওপর ৭ দশমিক ৫ শতাংশ মূসক আরোপিত ছিল। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোকে মূসক দিতে হতো না। অর্থমন্ত্রী এসব শিক্ষাপ্রতিষ্ঠানকেও মূসকের আওতায় আনার প্রস্তাব করেছেন। তবে করভার সহনীয় পর্যায়ে রাখতে সংকুচিত মূল্যভিত্তিতে ১০ শতাংশ মূসক নির্ধারণের প্রস্তাব করেন তিনি।
অনলাইনে পণ্য কিনলে মূসক
অনলাইনে পণ্য এবং সেবার বিক্রি কিংবা সরবরাহ বর্তমানে একটি জনপ্রিয় ব্যবস্থা। এভাবে পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো মূসক অব্যাহতি যেমন পান না, তেমনি এই সেবা খাতের বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা মূসকব্যবস্থায় নেই। তাই সরকার এই খাতকে মূসকের আওতায় আনতে চায়। সে কারণে অর্থমন্ত্রী অনলাইনে পণ্য বিক্রির ওপর ৪ শতাংশ হারে মূসক আরোপের প্রস্তাব করেছেন। তার মানে অনলাইনে পণ্য কিনলে মূসক গুনতে হবে আপনাকেও।
রূপচর্চায় মূসক
পাড়া-মহল্লার বিউটি পারলারগুলোতে দেখা যায়, রূপচর্চাকারীরা রূপচর্চা বিষয়ে মেয়েদের প্রশিক্ষণ দিচ্ছেন। এই রূপচর্চাবিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমকে মূসকব্যবস্থায় ‘কোচিং সেন্টার’ সেবা খাতের মধ্যে অন্তর্ভুক্ত করছে সরকার। এর আওতায় এসব প্রতিষ্ঠানকেও এখন থেকে মূসক দিতে হবে।
সুপারশপে গেলেই খরচ বাড়বে
এক ছাদের নিচে তরিতরকারি, মাছ থেকে শুরু করে পোশাকও মেলে। সে কারণে দেশীয় সুপারশপগুলোতে ক্রেতার সংখ্যা দিন দিনই বাড়ছে। এই ক্রেতাদের জন্য দুঃসংবাদ। কারণ সুপারশপগুলোকে এখন থেকে ৪ শতাংশ হারে মূসক দিতে হবে। এত দিন দিতে হতো ২ শতাংশ হারে। বলাই বাহুল্য, এই মূসক গিয়ে পড়বে আপনার (ক্রেতার) ঘাড়ে।
ডিজে পার্টির ওপরেও কর
হোটেল-রেস্তোরাঁগুলোতে প্রায়ই ফ্লোর শো (ডিজে পার্টি) আয়োজন করা হয়। পরিবেশন করা হয় খাদ্য ও পানীয়। বছরে যদি এক দিনের জন্যও এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়, তাহলে হোটেল-রেস্তোরাঁ কর্তৃপক্ষকে ১০ শতাংশ সম্পূরক শুল্ক গুনতে হবে।
সমবায় সমিতি করের আওতায়
দেশের সমবায় সমিতিগুলোর জন্য বর্তমানে আলাদা কোনো কর হার নেই। কৃষি ও কুটিরশিল্প-সংশ্লিষ্ট খাত ছাড়া অন্যান্য সমবায় সমিতির আয়ের ওপর ১৫ শতাংশ হারে কর আরোপ করা হচ্ছে।