টুঙ্গিপাড়া পর্যন্ত রেলপথ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশিয়ানি-গোপালগঞ্জ হয়ে টুঙ্গিপাড়া পর্যন্ত ৫৫ কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণের একটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এই প্রকল্পসহ মোট পাঁচ হাজার ২৪১ কোটি টাকা ব্যয়ের সাতটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে সরকারি কোষাগার থেকে ব্যয় হবে চার হাজার ৩২৩ কোটি টাকা। বাকি ৯১৮ কোটি টাকা পাওয়া যাবে প্রকল্প সাহায্য হিসেবে।গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সাংবাদিকদের এসব তথ্য জানান। পরিকল্পনামন্ত্রী জানান, যেসব জেলায় রেলপথ নেই, সেসব জেলায় রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া পুরোনো রেললাইন সংস্কার করে তা আবারও চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। কারণ হিসেবে প্রধানমন্ত্রী বলেছেন, রেলে ভ্রমণ সাশ্রয়ী ও নিরাপদ।বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমাদের নদীপথ ধ্বংস করা হয়েছে। রেলপথকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে।’গতকালের একনেক বৈঠকে রেল খাতে মোট দুটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। একটি হলো কাশিয়ানী-গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া নতুন রেলপথ নির্মাণ প্রকল্প ও কালুরঘাট-ভাটিয়াপাড়া সেকশন পুনর্বাসন প্রকল্প, যাতে মোট ব্যয় হবে এক হাজার ১০১ কোটি টাকা। আর অন্যটি ৯৮৩ কোটি টাকা ব্যয়ের ইশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ প্রকল্প। বৈঠকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসসহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিভিন্ন বিভাগের সচিবেরা উপস্থিত ছিলেন।অনুমোদিত অন্য প্রকল্প: জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সালদা ৩, ৪ এবং ফেঞ্চুগঞ্জ ৪, ৫ গ্যাসক্ষেত্রের উন্নয়ন প্রকল্প; একই বিভাগের কনস্ট্রাকশন অব এভিয়েশন রিফুয়েলিং ফ্যাসিলিটিজ এট সিলেট ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রকল্প; বিদ্যুৎ বিভাগের বিবিয়ানা-কালিয়াকৈর ৪০০ কেভি ও ফেঞ্চুগঞ্জ-বিবিয়ানা ২৩০ কেভি সঞ্চালন লাইন প্রকল্প; কৃষি মন্ত্রণালয়ের দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্প এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়বিহীন এলাকায় ১৫০০ প্রাথমিক বিদ্যালয় স্থাপন প্রকল্প অনুমোদিত হয়েছে।