টুজি ও থ্রিজির তরঙ্গ নিলাম ২০ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুজি ও থ্রিজির তরঙ্গ নিলাম নিয়ে সৃষ্ট জটিলতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নিলামের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। পরিবর্তন করা তারিখ অনুযায়ী নিলাম অনুষ্ঠিত হবে ২০ মে, আগে যা ছিল ৩০ এপ্রিল। বিটিআরসির লাইসেন্সিং বিভাগের পরিচালক এম এ তালেব হোসেনের সই করা এক নির্দেশনায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নির্দেশনায় নিলামের তারিখ পেছানোর কারণ হিসেবে বলা হয়েছে, ১ হাজার ৮০০ ও ২ হাজার ১০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ নিলামপ্রক্রিয়া কার্যকরভাবে সম্পন্ন করতে এবং সৃষ্ট জটিলতার পরিপ্রেক্ষিতে নিলামে সবার অংশগ্রহণ নিশ্চিত করার উদ্দেশ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
তরঙ্গ নিলাম পেছানোর আবেদন জানিয়ে ২২ মার্চ চার বেসরকারি মুঠোফোন অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল দ্বিতীয় দফায় সরকারকে চিঠি দেয়। চিঠিতে সিম প্রতিস্থাপন করসংক্রান্ত ঝামেলাসহ ঝুলে থাকা আরও কয়েকটি সমস্যার সমাধান হলে নিলামে অংশ নেওয়ার ব্যাপারে নিজেদের আগ্রহ প্রকাশ করে চার অপারেটর। মূলত অপারেটরদের অনুরোধের পরিপ্রেক্ষিতেই বিটিআরসি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রে জানা গেছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, তরঙ্গ নিলামপ্রক্রিয়ার আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৬ এপ্রিল। নিলামে অংশ নেওয়ার জন্য যোগ্য আবেদনকারীদের তালিকা প্রকাশিত হবে ২১ এপ্রিল। আর নিলাম অনুষ্ঠিত হবে ২০ মে। ওই দিনই নিলামে বিজয়ী আবেদনকারীদের তালিকা প্রকাশ করা হবে।
নিলামের তারিখ পরিবর্তনের বিষয়টি বিটিআরসির গণমাধ্যম শাখার পরিচালক জাকির হোসেন খান নিশ্চিত করেছেন। এ ব্যাপারে মুঠোফোন অপারেটর রবি আজিয়াটার মুখপাত্র মহিউদ্দিন বাবর বলেন, নিলাম প্রক্রিয়ার তারিখ পেছানোর ব্যাপারটি ইতিবাচক। তিনি বলেন, ‘আমরা আশা করছি, এই সময়ের মধ্যেই ঝুলে থাকা সমস্যাগুলোর সমাধান করে নিলামে আমাদের অংশ নেওয়ার ব্যাপারটি নিশ্চিত করবে সরকার।’