দ্বিতীয় প্রজন্মের (টুজি) লাইসেন্স হাতে না পাওয়া পর্যন্ত নতুন বিনিয়োগ করা বা তৃতীয় প্রজন্মের (থ্রিজি) লাইসেন্স নিয়ে চিন্তাভাবনা করছে না মুঠোফোন অপারেটর গ্রামীণফোন লিমিটেড (জিপি)। জিপির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টোরে জনসন বলেন, ‘টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কথামতো টুজি লাইসেন্সের জন্য আমরা ইতিমধ্যে প্রথম পর্যায়ের টাকা পরিশোধ করেছি। কিন্তু লাইসেন্স এখনো হাতে পাইনি। এ অবস্থায় থ্রিজিতে বা অন্য কোনো নতুন ধরনের বিনিয়োগ নিয়ে ভাবতে পারছি না।’গতকাল মঙ্গলবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জিপির সিইও এ কথা বলেন। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) জিপির আয়-ব্যয়ের হিসাব প্রকাশ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্প্রতি বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশিত মূল্য সংযোজিত সেবা (ভাস) খসড়া নীতিমালা প্রসঙ্গে টোরে জনসন বলেন, ‘এতে অনেক অস্পষ্টতা রয়েছে। এ ছাড়া অপারেটরদের টুজি লাইসেন্সেও ভাস সেবা দেওয়ার বিষয়টি রয়েছে। এ জন্য কোটি কোটি টাকার অবকাঠামো তৈরি করা হয়েছে। এখন যদি অপারেটররা ভাস সেবা না দেয় বা এটিকে অপারেটরদের কাছ থেকে আলাদা করা হয়, তবে ডেটা দ্রুত পরিবহনের জন্য থ্রিজি লাইসেন্স জিপি নেবে কিনা, সেটা ভেবে দেখতে হবে।’সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের প্রথম প্রান্তিকে গ্রামীণফোন দুই হাজার ৩২২ কোটি টাকা আয় করেছে। গত বছরের একই সময়ের তুলনায় এটি ১২ দশমিক ৩ শতাংশ বেশি। মূলত গ্রাহকসংখ্যা বৃদ্ধি এবং মূল্য সংযোজিত সেবা, রোমিং সেবা, ডেটা ও পাইকারি পর্যায়ে ব্যবসা বৃদ্ধি জিপির প্রবৃদ্ধি বাড়িয়েছে বলে উল্লেখ করেন জিপির প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (সিএফও) ফ্রিজতফ রাস্তেন। বর্তমানে জিপির গ্রাহকসংখ্যা তিন কোটি ৭৬ লাখ। মোট মোবাইল ফোন গ্রাহকের প্রায় শতকরা ৪২ ভাগ।জিপির সিএফও আরও জানান, আয়কর দেওয়ার পর চলতি বছরের প্রথম প্রান্তিকে নিট মুনাফা হয়েছে ৫২০ কোটি টাকা। আর শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৩ দশমিক ৮৫ টাকা। এ সময়ে গ্রামীণফোন নেটওয়ার্কের মানোন্নয়নে বিনিয়োগ করেছে ৩৭৩ কোটি টাকা। সরকারকে কর, ভ্যাট, শুল্ক হিসেবে জমা দিয়েছে এক হাজার ১২১ কোটি টাকা।