টুজির প্রাথমিক নিলামে অংশ নিতে পারবে গ্রামীণফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ হাজার ৮০০ মেগাহার্টজ ব্যান্ডের প্রাথমিক তরঙ্গ নিলামে অংশ নিতে পারবে মুঠোফোন অপারেটর গ্রামীণফোন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দ্বিতীয় প্রজন্মের (টুজি) টেলিযোগাযোগ সেবা দেওয়ার জন্য বাংলাদেশে ১ হাজার ৮০০ ও ৯০০ মেগাহার্টজ ব্যান্ড ব্যবহার করা হয়। ২০১৫ সালে তরঙ্গ নিলামের নীতিমালায় টুজি ব্যান্ডে যে অপারেটরের ২০ মেগাহার্টজের বেশি তরঙ্গ আছে, তারা প্রাথমিক নিলামে অংশ নিতে পারবে না এমন সিদ্ধান্ত নেওয়া হয়। ৯০০ ও ১ হাজার ৮০০ মেগাহার্টজ ব্যান্ডে একমাত্র গ্রামীণফোনেরই ২০ মেগাহার্টজের বেশি তরঙ্গ আছে। বর্তমান তরঙ্গ নিলাম নীতিমালা অনুযায়ী গ্রামীণফোনের এই নিলামে অংশ নেওয়ার সুযোগ ছিল না।
বিটিআরসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রবি-এয়ারটেল একীভূত হয়ে গেলে বিভিন্ন ব্যান্ডে তাদের তরঙ্গ হবে ৩৯ দশমিক ৮ মেগাহার্টজ। গ্রামীণফোনকে সুযোগ না দিলে বাংলালিংক ছাড়া তরঙ্গ নিলামে অংশ নিতে আগ্রহী আর কোনো অপারেটর থাকবে না। তরঙ্গ নিলামে প্রতিযোগিতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিটিআরসি সূত্রে জানা গেছে, গ্রামীণফোনের অংশ নেওয়ার বিষয়টি যুক্ত করে নিলাম নীতিমালা সংশোধনের বিষয়টি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি পাঠানো হয়েছে। সব ঠিক করে খুব শিগগির নিলাম আয়োজনের জন্য কাজ করছে নিয়ন্ত্রক সংস্থা। ২০১৫ সালের অক্টোবরে গ্রামীণফোন বিটিআরসিকে দেওয়া এক চিঠিতে রবি-এয়ারটেল একীভূত হয়ে গেলে তরঙ্গ নিলামের সিদ্ধান্তের বিষয়ে বিটিআরসির কাছে জানতে চায়।
প্রস্তাবিত নিলাম নীতিমালা অনুযায়ী, ১ হাজার ৮০০ মেগাহার্টজ ব্যান্ডে দুটি ব্লকে ১০ দশমিক ৬ মেগাহার্টজ তরঙ্গ নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। প্রতি মেগাহার্টজ তরঙ্গের ভিত্তিমূল্য ধরা হয়েছে আড়াই কোটি ডলার।