টুর অপারেটররা উৎসে কর প্রত্যাহার চায়
ভ্রমণ পরিচালনার ক্ষেত্রে টুর অপারেটরদের আয়ের ওপর (ব্যাংকের মাধ্যমে প্রাপ্ত অর্থ) ১০ শতাংশ হারে আয়কর কর্তনের বিধান বাতিলের দাবি জানিয়েছে টুরস অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।
জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চলমান প্রাক্-বাজেট আলোচনায় অংশ নিয়ে গতকাল মঙ্গলবার সংগঠনের প্রতিনিধিরা এসব দাবি জানিয়েছেন। তাঁদের দাবি, টুর অপারেটররা যে অর্থ ব্যাংকের মাধ্যমে পেয়ে থাকে, তা হোটেল, যানবাহন, খাদ্য ও পানীয়, দর্শনীয় স্থানে প্রবেশমূল্য ইত্যাদি বাবদ খরচ করে থাকে। এই প্রাপ্ত অর্থ থেকে লভ্যাংশের পরিমাণ মোট অর্থের ৫ থেকে ৭ শতাংশ মাত্র। তাই ১০ শতাংশ উৎসে আয়কর কর্তনের বিধান বাতিল করতে হবে।
এ ছাড়া হোটেলের সার্ভিস চার্জের ওপর মূল্য সংযোজন কর (মূসক) আরোপ না করা, টোয়াবের যোগ্য সদস্যদের ক্ষেত্রে বন্ধ থাকা কারনেট সুবিধা আবার চালু করার দাবি জানান তাঁরা। উল্লেখ্য, কারনেট সুবিধা শুধু পর্যটকদের জন্য আন্তর্জাতিক সুবিধা। এ সুবিধা টুর অপারেটরদের জন্য কোনোভাবে প্রযোজ্য নয়।
এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেনের সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন ১৩টি সংগঠনের প্রতিনিধিরা। বৈঠকে এনবিআরের সদস্য সৈয়দ আমিনুল করিম, জাহাঙ্গীর হোসেন, এফবিসিসিআইয়ের অতিরিক্ত সচিব শাহ আবদুল খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।