টেকনাফ দিয়ে মাছ আমদানি কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে মাছ আমদানি কমে যাচ্ছে। আমদানিকৃত মাছের ওপর শুল্ক বৃদ্ধি এবং অতিরিক্ত বন্দর চার্জ আরোপ করায় ব্যবসায়ীরা হয়রানি ও লোকসানের সম্মুখীন হয়ে আমদানি কমিয়ে দিয়েছেন। আর আমদানি কমে যাওয়ায় বন্দরে সরকারের রাজস্ব আয়ও কমে যাচ্ছে। টেকনাফ স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহসভাপতি মাহমুদুল হাছান জানান, আগে মাছ আমদানি করে বন্দরে শুল্ক আদায় হতো প্রতি টনে ২০ হাজার ৩২৭ টাকা। এ হিসাবে প্রতি কেজিতে ২০ দশমিক ৩৩ টাকা শুল্ক দিতে হতো। কিন্তু ১ জুলাই থেকে আমদানি করা মাছের ওপর শুল্কহার প্রতি কেজিতে প্রায় আড়াই টাকা বেড়েছে। বর্তমানে শুল্কহার প্রতি টনে ২২ হাজার ৯৫৪ টাকা বা প্রতি কেজিতে ২২ দশমিক ৯৫ টাকা। অন্যদিকে, মিয়ানমার থেকে আমদানি করা মাছের ওপর অতিরিক্ত বন্দর চার্জ আদায় করা হচ্ছে। তার পরও বন্দর কর্তৃপক্ষ মাছ সংরক্ষণের জন্য পর্যাপ্ত পরিমাণ বরফ সরবরাহ দিতে পারছে না। ফলে আর্থিক ক্ষতি ও হয়রানির কারণে ব্যবসায়ীরা মাছ আমদানি কমিয়ে দিয়েছেন। জানা গেছে, ১০ বছর ধরে এই বন্দর দিয়ে মিয়ানমারের বিপুল পরিমাণ ইলিশ, পাঙ্গাশ, চিতল, রুই, কোরাল মাছ আমদানি হয়ে আসছে।শুল্ক বিভাগ সূত্র জানায়, এই স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে আমদানি করা মাছ, কাঠ, মসলা, ডাল, মরিচ, আদা, আচার, স্যান্ডেল, শুঁটকিসহ বিভিন্ন মালামালের বিপরীতে সরকার প্রতি মাসে গড়ে সাত কোটি টাকার রাজস্ব আয় করে। এর মধ্যে ৫০ শতাংশ রাজস্ব আয় হয় মাছ আমদানি থেকেই। জানা গেছে, ২০০৮-০৯ অর্থবছরে বন্দর দিয়ে ১০ হাজার ১৬৯ টন বা ২৯ কোটি ৮ লাখ টাকার মাছ আমদানি হয়েছে। এ থেকে সরকার রাজস্ব পেয়েছে ১৫ কোটি ৫৬ লাখ ২৫ হাজার ৬৭৮ টাকা। ২০০৯-১০ অর্থবছরে আমদানি হয় ৩২ কোটি ৬২ লাখ টাকার। এতে সরকার রাজস্ব পায় ১৭ কোটি ৯৯ লাখ ১২ হাজার টাকা। আর ২০১০-১১ অর্থবছরের প্রথম দুই মাসে মাত্র ৭৩৪ টন মাছ আমদানি হয়েছে। যার মূল্য দুই কোটি ৮৬ লাখ ২১ হাজার টাকা। এখান থেকে সরকার রাজস্ব আদায় করে এক কোটি ৭৮ লাখ ১০ হাজার টাকা।বন্দরের মাছ আমদানিকারক হাজি মো. কায়সার জানান, একসময় এই বন্দরে দিয়ে কয়েক কোটি টাকার মাছ আমদানি হতো। এই মাছ বন্দর থেকে ট্রাকবোঝাই করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। আর এখন প্রতি মাসে এক থেকে দেড় কোটি টাকার মাছও আমদানি হচ্ছে না। নানা সমস্যা ও হয়রানির শিকার হয়ে বহু ব্যবসায়ী মাছ আমদানি বন্ধ করে দিয়েছেন। বর্ধিত শুল্ক প্রত্যাহার এবং বন্দর কর্তৃপক্ষের অতিরিক্ত চার্জ আদায় বন্ধ করা না হলে অন্য ব্যবসায়ীরাও আমদানি বন্ধ করে দিতে পারেন। এতে বন্দরের রাজস্ব আয়ে ধস নামবে। স্থলবন্দর পরিচালনার দায়িত্বে নিয়োজিত বেসরকারি সংস্থা ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের মহাব্যবস্থাপক আবদুল খালিদ জানান, মাছ আমদানি কিছুটা কমলেও অন্যান্য পণ্যের আমদানি বেড়েছে। মাছের ওপর অতিরিক্ত চার্জ আদায়ের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, সরকারি বিধি মোতাবেক মাছসহ অন্যান্য পণ্যের ওপর চার্জ আদায় করা হচ্ছে। স্থলবন্দরের কাস্টমস সুপার মো. আনোয়ার মাসুম জানান, চোরাচালান বন্ধ করে মাছসহ অন্যান্য পণ্য আমদানি বাড়িয়ে সরকারের রাজস্ব আয় বাড়ানোর চেষ্টা চলছে। স্থলবন্দরে সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি অপ্রীতিকর ঘটনায় আমদানি কমে যাওয়ায় রাজস্ব আদায়ও কমে গেছে। এখন নতুন করে মাছ আমদানি বাড়ানোর জন্য ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করা হচ্ছে। কারণ মাছ আমদানি থেকেই বন্দরের সিংহভাগ রাজস্ব আদায় হয়। উল্লেখ্য, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত চোরাচালানকে নিরুৎসাহিত করার জন্য ১৯৯৫ সালের ৫ সেপ্টেম্বর টেকনাফ ও মংডুর মধ্যে এই সীমান্ত-বাণিজ্য চালু করা হয়। বর্তমানে মিয়ানমার থেকে আমদানি মাছ, কাঠ, মসলা, বাঁশ, বেত, আচার, স্যান্ডেল, ডালসহ নানা ভোজ্যপণ্য আমদানি করা হয়। আর বাংলাদেশ থেকে রড, সিমেন্ট, অ্যালমোনিয়াম সামগ্রী, প্রসাধনী, গরুর নাড়িভুঁড়ি, হাঙরের চামড়া-ডানা, গেঞ্জি, কাপড় ইত্যাদি রপ্তানি করা হয়।