বাংলাদেশ থেকে কোনো পণ্য যাচ্ছে না
মিয়ানমারের আকিয়াব থেকে কিছু পণ্য আসছে
টেকনাফ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি প্রায় বন্ধ হয়ে গেছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংস হামলার পরিপ্রেক্ষিতে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে শরণার্থী হিসেবে প্রবেশ করেছে। এই সহিংস পরিস্থিতির কারণেই টেকনাফ স্থলবন্দর দিয়ে ব্যবসা-বাণিজ্য কমেছে।
গত ২৪ আগস্টের পর থেকে টেকনাফের অপর পারে অবস্থিত মিয়ানমারের ছোট শহর মংগদুর সঙ্গে আমদানি-রপ্তানি পুরোপুরি বন্ধ রয়েছে। কোনো ব্যাংক লেনদেনও হচ্ছে না। তবে সীমিত পরিসরে মিয়ানমারের আকিয়াব বন্দর থেকে কিছু পণ্য আসছে। বাংলাদেশ থেকে কোনো পণ্যের চালান মিয়ানমারে যাচ্ছে না। টেকনাফই হলো মিয়ানমারের সঙ্গে আমদানি-রপ্তানির একমাত্র স্থলবন্দর।
টেকনাফ স্থলবন্দর সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্টের পর এই স্থলবন্দরে মিয়ানমারের আকিয়াব থেকে আটটি ছোট কার্গো জাহাজ এসেছে। তার মধ্যে ছয়টি জাহাজে ছিল চাল। এ ছাড়া মাছের কয়েকটি চালানও এসেছে। সর্বশেষ গত মঙ্গলবার ৭৫০ টন চাল নিয়ে একটি জাহাজ এসেছে।
এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক স্বপন চাকমা প্রথম আলোকে বলেন, মিয়ানমারের সহিংস ঘটনার পর এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কমে গেছে। তবে স্থলবন্দরের কার্যক্রম যথারীতি চালু আছে। যেসব পণ্যের চালান আসছে, তা খালাস করা হচ্ছে।
টেকনাফ স্থলবন্দর হলেও মূলত নদীপথ ব্যবহার করেই এই পথে আমদানি-রপ্তানি বাণিজ্য হয়। এটি একটি আমদানিনির্ভর স্থলবন্দর। মিয়ানমার থেকে কাঠ, চাল, মাছ, শুঁটকি, আদা, হলুদ, আচার, তেঁতুল, চকলেট, মসলা, মৌসুমি ফল আমদানি হয়। আর বাংলাদেশ থেকে বেশি যায় প্লাস্টিক পণ্য। এ ছাড়া সীমিত পরিসরে তৈরি পোশাক, সিমেন্ট ও ওষুধ রপ্তানি হয়। মিয়ানমারের মংগদু ও আকিয়াব থেকেই মূলত পণ্য আসে। গত ২৪ আগস্টের পর মংগদু থেকে কোনো পণ্যের চালান আসেনি টেকনাফ স্থলবন্দরে।
গতকাল বুধবার আমাদের টেকনাফ প্রতিনিধি এই স্থলবন্দর সরেজমিন পরিদর্শন করে জানান, মিয়ানমার থেকে আগে আমদানি করা চাল, আদা, আচারসহ কিছু পণ্যের মজুত স্থলবন্দরে রয়েছে। মজুত করা এসব পণ্য ট্রাকে বোঝাই করছেন শ্রমিকেরা। ট্রাকশ্রমিক নুরুল আলম বলেন, এসব পণ্য যাবে চট্টগ্রামের খাতুনগঞ্জে।
স্থানীয় চাল আমদানিকারক এম এ হাশেম প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার যে চালানে চাল এসেছে, তা প্রায় দেড় মাস আগে কেনা। ২৪ আগস্টের পর থেকে মিয়ানমারের সঙ্গে সব ধরনের ব্যাংক লেনদেন বন্ধ রয়েছে। এতে যেকোনো সময় সীমান্ত বাণিজ্য পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।
এদিকে ২৪ আগস্ট কিংবা এর আগে মিয়ানমারের মংগদু শহর থেকে আসা কার্গো জাহাজের সঙ্গে ৪৪ জন মাঝিমাল্লা বাংলাদেশে আটকে পড়েছেন। এ বিষয়ে টেকনাফ স্থলবন্দরের বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ডপোর্ট টেকনাফ লিমিডেটের সহকারী মহাব্যবস্থাপক জসিম উদ্দিন চৌধুরী জানান, কার্গো থেকে মালামাল খালাস করা হলেও তাঁরা দেশে ফিরতে পারছেন না।
টেকনাফ কাস্টমস কার্যালয় সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসে এই বন্দরে ৬ কোটি ৫৫ লাখ টাকা রাজস্ব লক্ষ্যের বিপরীতে ১০ কোটি ৭ লাখ ৬২ হাজার টাকা আদায় হয়েছে। সেপ্টেম্বর মাসে আদায়ের লক্ষ্য ৬ কোটি ৮২ লাখ টাকা। গতকাল বুধবার পর্যন্ত আদায় হয়েছে মাত্র ৮০ লাখ টাকা।
টেকনাফ স্থলবন্দর দিয়ে গত অর্থবছরে প্রায় ৮০ হাজার টন পণ্য আমদানি-রপ্তানি হয়েছে। তাতে আড়াই কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়। শুল্ক-কর আদায়ের বাইরে স্থলবন্দর কর্তৃপক্ষ বিভিন্ন সেবা দিয়ে রাজস্ব আদায় করে থাকে।