টেকনাফ স্থলবন্দর ১৬ বছরেও পূর্ণতা পায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের সঙ্গে টেকনাফ স্থলবন্দর দিয়ে সম্পন্ন হওয়া সীমান্ত-বাণিজ্য ১৬ বছর অতিক্রম করেছে। তবে স্থলবন্দরটি এখনো পূর্ণতা পায়নি। ১৯৯৫ সালের ৫ সেপ্টেম্বর এ বাণিজ্য শুরু হয়। সূত্র জানায়, টেকনাফের সঙ্গে মিয়ানমারের মংডু শহরের মধ্যে সীমান্ত-বাণিজ্য চলছে। তবে দুই দেশের বৈধ বাণিজ্যের পাশাপাশি অবৈধভাবে বাণিজ্যও অনেক বেড়েছে। শুল্ক বিভাগ সূত্রে পাওয়া তথ্যানুসারে, ১৬ বছরের সীমান্ত-বাণিজ্যে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে দুই হাজার কোটি টাকার বেশি। টেকনাফ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এতেশামুল হক জানান, দীর্ঘ ১৬ বছরে বন্দর কর্তৃপক্ষ ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে বন্দর এলাকায় কোনো ধরনের অবকাঠামো সুবিধা দিতে পারেনি। ইউনাইটেড ল্যান্ডপোর্ট টেকনাফ লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) আবু নুর খালিদ প্রথম আলোকে বলেন, ‘স্থলবন্দরের অবকাঠামো নির্মাণে প্রায় ২০ কোটি টাকার প্রকল্প উন্নয়নকাজ প্রায় শেষ পর্যায়ে আছে।’টেকনাফ শুল্ক বিভাগের কাস্টমস কর্মকর্তা আনোয়ার মাসুম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, এক দিনের ট্রানজিট পয়েন্ট দিয়ে প্রতিদিন লাখ লাখ টাকার পণ্যসামগ্রী উভয় দেশে পাচার হয়ে আসছে। এতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ী ও আমদানি-রপ্তানিকারকেরা।