টেকনাফ স্থলবন্দরে আমদানি-রপ্তানি তিন দিন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল রোববার সকাল থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এই কার্যক্রম আবার শুরু হবে ১৪ আগস্ট থেকে। তবে স্থলবন্দরে থাকা পণ্যসামগ্রী দেশের বিভিন্ন স্থানে সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে।

স্থলবন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘বন্দরে প্রচুর পরিমাণে পণ্যসামগ্রী মজুত রয়েছে। ব্যবসায়ীদের সুবিধার্থে উশুল আদায় করা পণ্য আমরা দেশের বিভিন্ন স্থানে সরবরাহের জন্য যেকোনো সময় প্রস্তুত রয়েছি ।’

টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মোহাম্মদ ময়েজ উদ্দিন তিন দিন বন্দর বন্ধ থাকার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রোববার থেকে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ১৪ আগস্ট থেকে আমদানি-রপ্তানি পুনরায় শুরু হবে।