টেকনাফ স্থলবন্দরে ডিসেম্বরে প্রায় ছয় কোটি টাকা আয়
দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতার মধ্যে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে গত ডিসেম্বর মাসে পাঁচ কোটি ৭৮ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা চললেও প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার থেকে নৌপথে পণ্য আমদানি অব্যাহত থাকায় এ রাজস্ব আয় হয়েছে।
স্থানীয় কাস্টমস সূত্রে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি ২০১৩-১৪ অর্থবছরে টেকনাফ স্থলবন্দরের মাসিক রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় চার কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা।
ডিসেম্বর মাসে মিয়ানমার থেকে ২৬ কোটি ৭৯ লাখ টাকার পণ্য আমদানি-রপ্তানির বিপরীতে আদায় হয়েছে পাঁচ কোটি ৭৮ লাখ ২১ হাজার ৪১৪ টাকা। পাশাপাশি বাংলাদেশ থেকে এক কোটি ৯০ লাখ টাকার পণ্য রপ্তানি হয়।
স্থলবন্দরে কয়েকজন ব্যবসায়ী জানান, নৌপথে মিয়ানমার থেকে পণ্যসামগ্রী আমদানি হওয়াই প্রতিনিয়ত পণ্যবাহী জাহাজ আসছে বন্দরের। কিন্তু এসব পণ্য টানা অবরোধ ও হরতালে কারণে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা যাচ্ছে না।
স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মো. নূরে আলম প্রথম আলোকে বলেন, হিমায়িত মাছ, কাঠ, শুঁটকি, চাল, সুপারি ও আচার আমদানি বেশি হওয়ায় ডিসেম্বর মাসে লক্ষ্যমাত্রার চেয়ে এক কোটি পাঁচ লাখ ৭১ হাজার ৪১৪ টাকার বেশি রাজস্ব আদায় করা সম্ভব হয়েছে।
মিয়ানমারের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় পুরোটাই এই টেকনাফ স্থলবন্দর দিয়ে সম্পন্ন হয়ে থাকে।