টেকনাফ স্থলবন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায়
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে সদ্যসমাপ্ত ২০০৯-১০ অর্থবছরে ৭৫ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৮৪৮ টাকার রাজস্ব আদায় হয়েছে, যা বন্দরটির জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বেঁধে দেওয়া ৬৮ কোটি ২১ লাখ ৪৮ হাজার টাকার নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে সাত কোটি ২৫ লাখ ৭৭ হাজার ৮৪৮ টাকা বেশি।স্থানীয় কাস্টমস সূত্রে জানা যায়, এই স্থলবন্দরের জন্য এনবিআর আলোচ্য বছরে প্রতি মাসে পাঁচ কোটি ৬৮ লাখ ৪৫ হাজার ৬৬৭ টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে।আদায়কৃত রাজস্ব আয়ের মধ্যে দুই কোটি ৯১ লাখ ৫৪ হাজার ৮০০ টাকা এসেছে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের গবাদিপশু আমদানি-রপ্তানির করিডর থেকে।কাস্টমসের কর্মকর্তারা বলছেন, প্রতিবেশী মিয়ানমার থেকে বাণিজ্যিক পণ্যসামগ্রীর আমদানি বাড়ায় রাজস্ব আয়ের বার্ষিক লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। অন্যদিকে ব্যবসায়ীরা মনে করেন, সরকারি সুযোগ-সুবিধা ও বন্দর কর্তৃপক্ষের সহযোগিতা বাড়লে এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বিভিন্ন পয়েন্টে চোরাচালান রোধ হলে এই বন্দরের রাজস্ব আয় আরও বাড়বে।টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে যেসব পণ্য আমদানি হয়: বিভিন্ন ধরনের হিমায়িত শুঁটকি, ডাল, কাঠ, আচার, শুকনা বরই, হলুদ, তেঁতুল, তৈরি পোশাক, ব্যাটারি, স্ক্র্যাপ, পিভিসি পাইপ, স্লিপার, ন্যাচারাল গাম, স্প্রিং সকেট, মুলিবাঁশ, গোলপাতা, বেত, শিমের বিচি, মিষ্টি ও ছিকন জিরা, ধনে, পেঁয়াজ, আদা, সেনেখা মাটি, স্যান্ডেল, ছাতা, তুলা, গামবুট, গরু-ছাগলের চামড়া, গরু, মহিষ, ছাগল, তরমুজ, সুইচ ইত্যাদি।অন্যদিকে বাংলাদেশ থেকে যেসব পণ্যাদি মিয়ানমারে রপ্তানি হয় সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো: সিমেন্ট, ফেয়ার অ্যান্ড লাভলি, গরুর নাড়িভুঁড়ি, ষাঁড়ের লিঙ্গ, অ্যালুমিনিয়ামসামগ্রী, ওষুধ, চুল, গার্মেন্টস কাপড় ইত্যাদি।ব্যবসায়ী আবুল হাশেম ও সাইফুল করিম প্রথম আলোকে বলেন, টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী বেসরকারি সংস্থা ইউনিভার্সেল পোর্ট লিমিটেড অতিরিক্ত হারে বিভিন্ন ধরনের চার্জ আদায় করায় অনেক ব্যবসায়ী বন্দরবিমুখ হয়ে পড়েছেন। এ ছাড়া টেকনাফ সীমান্তে চোরাচালানের কারণে রাজস্ব আয়ের ওপর প্রভাব পড়ছে বলে তাঁরা উল্লেখ করেন।এ প্রসঙ্গে টেকনাফ ৪২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হোসেন প্রথম আলোকে বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্টে চোরাচালান প্রতিরোধে বিডিআরের টহল জোরদার হয়েছে।