টেকনাফ স্থলবন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায়
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে সদ্যসমাপ্ত ডিসেম্বরে সাত কোটি ৫৯ লাখ ৪০ হাজার টাকার রাজস্ব আদায় হয়েছে, যা মাসিক লক্ষ্যমাত্রার চেয়ে দুই কোটি ১৭ লাখ ৭৩ হাজার টাকা বেশি।কাস্টমস সূত্রে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি ২০১২-১৩ অর্থবছরে টেকনাফ স্থলবন্দরের মাসিক রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় পাঁচ কোটি ৪১ লাখ ৬৬ হাজার টাকা।আলোচ্য মাসে মিয়ানমার থেকে ২৭ কোটি আট লাখ ৮৬ হাজার টাকার পণ্য আমদানি হয়। অন্যদিকে মিয়ানমারে রপ্তানি হয় এক কোটি ৯৯ লাখ ১৭ হাজার টাকার পণ্য। এ মাসে দেশটি থেকে বিভিন্ন ধরনের কাঠ, হিমায়িত মাছ, শুঁটকি, মুলি বাঁশ, বেত, গবাদিপশু ইত্যাদি আমদানি হয়েছে। অন্যদিকে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে সিমেন্ট, গেঞ্জি ও গেঞ্জির কাপড়, অ্যালুমিনিয়ামসামগ্রী, প্লাস্টিক স্লিপার, ষাঁড়ের লিঙ্গ, চুল, প্রসাধনী ইত্যাদি।এই স্থলবন্দর ব্যবহারকারী কয়েকজন ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে চোরাই পথে আচার, শুঁটকি, মুলি বাঁশ, বেত, গবাদিপশু আসছে। এসব পণ্য বৈধ উপায়ে এই স্থলবন্দর দিয়ে আনা হলে ব্যবসায়ীরা যেমন লাভবান হতেন, তেমনি সরকারের রাজস্ব আয়ও বাড়ত। টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা কাজী আবুল হোসাইন মিয়ানমারের সঙ্গে সীমান্ত বাণিজ্য আরও গতিশীল করতে আমদানি-রপ্তানিকারকদের এগিয়ে আসার পরামর্শ দেন।