টেকনাফ স্থলবন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আয় কম
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে সদ্যসমাপ্ত ফেব্রুয়ারি মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।স্থানীয় শুল্ক বিভাগ সূত্রে জানা যায়, আলোচ্য মাসে এ স্থলবন্দরে মোট পাঁচ কোটি ২৯ লাখ ৮৪ হাজার টাকার রাজস্ব আদায় হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১২ লাখ টাকা কম। লক্ষ্যমাত্রা হচ্ছে পাঁচ কোটি ৪১ লাখ ৬৬ হাজার টাকা।এ স্থলবন্দর দিয়ে যেসব পণ্য আমদানি হয়ে থাকে: বিভিন্ন প্রজাতির হিমায়িত মাছ, শুঁটকি, কাঠ, আচার, তেঁতুল, স্লিপার, মুলি বাঁশ, গোলপাতা, চামড়া, গরু, মহিষ, ছাগল ইত্যাদি।অন্যদিকে বাংলাদেশ থেকে যেসব পণ্য রপ্তানি হয়: সিমেন্ট, গরুর নাড়িভুঁড়ি, ষাঁড়ের লিঙ্গ, অ্যালুমিনিয়ামসামগ্রী, ময়দা, ওষুধ, চুল, তৈরি পোশাকের কাপড় প্রভৃতি। স্থলবন্দরের কাস্টমস সুপার হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ফেব্রুয়ারি মাসে পণ্য আমদানি কম হওয়ায় রাজস্ব আদায় মাসিক লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা কম হয়েছে।