টেকনাফে ঈদের বাজার জমে উঠেছে
সীমান্ত শহর কক্সবাজারের টেকনাফে ঈদের বাজার জমে উঠেছে। রমজানের ২০ দিন পর থেকে শহরের অভিজাত বিপণিবিতান থেকে শুরু করে ফুটপাত পর্যন্ত সর্বত্রই ক্রেতাদের প্রচণ্ড ভিড়। তবে সব স্থানেই নারী ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে। তবে এবার মিয়ানমার থেকেও ক্রেতারা ঈদের বাজার করতে এখানে আসছেন। বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কেনাকাটা চলছে। কিন্তু কয়েক দিনের বর্ষণের কারণে ব্যবসায়ে মন্দাভাব থাকলেও বর্তমানে তা কেটে গেছে। ক্রেতাদের ভিড়ে অধিকাংশ মার্কেটে এখন হাঁটাচলা করাই দায়। দিন যতই যাচ্ছে, মার্কেটগুলোতে নারী ক্রেতাদের ভিড় ততই বাড়ছে। এবার ক্রেতাদের মধ্যে ৯০ শতাংশের বেশি নারী। এবার ঈদে সব ধরনের পণ্যেই দাম কিছুটা বেশি। এতে ক্রেতারা অসন্তোষ প্রকাশ করলেও দোকানিরা এ কথা মানতে নারাজ। দোকানিরা বলছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দোকানগুলোতে পণ্যসামগ্রী তুলেছেন। কোনো ধরনের পণ্যতে অতিরিক্ত দাম রাখা হচ্ছে না। তবে উন্নত মানের পণ্যের দাম একটু বেশি। আগে ক্রেতাদের ভালো মানের কাপড় ও পণ্যসামগ্রী কিনতে জেলা সদর কক্সবাজার ও চট্টগ্রামে যেতে হতো; এখন সেই মানের কাপড় ও পণ্যসামগ্রী টেকনাফের বিভিন্ন বিপণিকেন্দ্রে পাওয়া যাচ্ছে। তবে বিগত বছরের তুলনায় এ বছর বেচাকেনা একটু বেশি।শাড়ি ও জামাকাপড় ছাড়াও তৈরি পোশাক, জুতা-স্যান্ডেল এবং থ্রি-পিস ও প্রসাধনীর দোকানে ভিড় লক্ষণীয়। দোকানিরাও নতুন নতুন মালপত্র দিয়ে দোকান সাজিয়েছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতারা কেনাকাটা করতে বেশি আসছেন।প্রতিবারের মতো এবারও শহরের কোম্পানি মার্কেট, ফরিদ শপিং কমপ্লেক্স, দ্বীপ প্লাজা, সম্রাট মার্কেট, নিউ গণি মার্কেট, ফ্যাশন হাউস, হকার্স মার্কেট, বার্মিজ মার্কেট, ছিদ্দিক মার্কেট, নাফ কুইন মার্কেট ও গরিবের নিউমার্কেটসহ বিভিন্ন মার্কেট সজ্জিত করা হয়েছে। টেকনাফের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের মংডু টাউনশিপের মংনিপাড়া, সুধাপাড়া, হারিপাড়া, সিদকারপাড়া, উকিলপাড়া, বাহারছড়া, হোয়াইক্যং, হ্নীলা, সাবরাং ও সেন্ট মার্টিন দ্বীপের লোকজন মার্কেটগুলো থেকে ঈদের কেনাকাটা করায় প্রচণ্ড চাপ লক্ষ করা যায়। এবারও ঈদের বাজারে শাড়ির দাম সবচেয়ে বেশি। শহরের ফরিদ কমপ্লেক্স ও কোম্পানি মার্কেটের অভিজাত শাড়ির দোকান সোনালি ফ্যাশন ও মাহিবী ক্লথ স্টোরে ‘নাইট কুইন’ শাড়ির দাম হাঁকা হচ্ছে সর্বোচ্চ ৩৫ হাজার ৫০০ টাকা। টেকনাফ বড় বাজার ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক জানান, ঈদ সামনে রেখে মার্কেটের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় এবার চাঁদাবাজি নেই এবং ক্রেতারাও নির্বিঘ্নে কেনাকাটা করে বাড়ি ফিরে যেতে পারছেন।