টেকনাফে দিনরাত ঈদের কেনাবেচা
ঈদের কেনাবেচায় বেশ জমে উঠেছে কক্সবাজারের টেকনাফ উপজেলা। পৌরসভার অন্যতম বাণিজ্যিক এলাকা বড়বাজার, বাসস্টেশনসহ মার্কেট ও বিপণিবিতানগুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক সমাগম দেখা যাচ্ছে।
এখানে নিত্যনতুন ফ্যাশনের জামা, শাড়ি, জুতাসহ নানা ধরনের প্রসাধনী চাহিদা বেশি। ব্যবসায়ীরা জানান, এবার নারী ক্রেতারা বেশি কিনছেন অপেরা সিল্ক, জর্জেট, টিস্যু শাড়ি, কাতান, জুট ও জামদানি, টাঙ্গাইলের তাঁতের ও সুতির নকশি শাড়ি। তরুণী ক্রেতাদের আগ্রহ বেশি পাখি, পিউ, হানিবানি, পাংকুরি, রামলীলাসহ ভারতের বিভিন্ন হিন্দি ও বাংলা সিরিয়াল এবং নায়িকাদের নামে আসা থ্রি-পিস। পুরুষেরা বেশি কিনছেন জিনসের প্যান্ট, টি-শার্ট, গেঞ্জি ও পাজামা-পাঞ্জাবি।
একটি বিপণিবিতানে পল্লানপাড়ার স্কুলশিক্ষিকা তাহমিনা খানম বলেন, এবার প্রায় সব দোকানেই পছন্দসই পোশাক পাওয়া যাচ্ছে। এর মধ্যে অধিকাংশই ভারতীয় এবং দামও একটু বেশি।