টেকনাফে ১৫০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফের সাবরাংয়ে একটি আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র গড়ে তুলতে ১৫০ কোটি ডলারের সমপরিমাণ প্রায় ১২ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছে সিঙ্গাপুরের ইন্টার এশিয়া গ্রুপ। ওই ব্যবসায়ী গোষ্ঠীটি সেখানে পাঁচতারকা হোটেল, ডিজনি ল্যান্ড, সুন্দরবন থিম পার্ক নাইট সাফারি, আন্ডার ওয়াটার অ্যাকুরিয়াম, গলফ ক্লাবের পাশাপাশি একটি আবাসিক এলাকা গড়ে তুলতে চায়।
সাবরাংয়ের পাশাপাশি টেকনাফের নাফ নদীর জালিয়ার দ্বীপে আরেকটি পর্যটনকেন্দ্র গড়ে তুলতে কাজ করছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।
ইন্টার এশিয়া গ্রুপ সম্প্রতি বেজার কাছে বিনিয়োগ প্রস্তাব দিয়ে গেছে। বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী প্রথম আলোকে জানান, আগামী ডিসেম্বরে সাবরাংয়ে বিনিয়োগ চেয়ে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে। ইন্টার এশিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের দরপত্রে অংশ নিতে হবে। সেখানে জিতলেই কেবল তারা কাজ পাবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ বছর আগে কক্সবাজারে এক জনসভায় সাবরাংয়ে একটি পর্যটনকেন্দ্র তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপর সেখানে ১ হাজার ১৬৫ একর জমি চিহ্নিত করা হয়। সেই জমি বেজাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। বেজা এখন সেখানে রাস্তা তৈরির কাজ করছে। ইতিমধ্যে প্রকল্প এলাকার প্রাথমিক মূল্যায়ন (ইনিশিয়াল সাইট অ্যাসেসমেন্ট) শেষ হয়েছে। সম্ভাব্যতা যাচাইয়ের জন্য দক্ষিণ কোরিয়ার দোহওয়া ইঞ্জিনিয়ারিংকে দায়িত্ব দেওয়া হয়েছে। এসব কাজ করার জন্য ১০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান পবন চৌধুরী।
ইন্টার এশিয়া সাবরাংয়ে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে গত মার্চ মাসে। তারা জানিয়েছে, পুরো পরিকল্পনা বাস্তবায়নে তাদের প্রায় ১ হাজার একর জমির প্রয়োজন হবে। এর মধ্যে ৭০ একর জমির ওপর প্রতিষ্ঠিত হবে অ্যাকোয়া সিটি। এতে ১৭টি আবাসিক ভবনে ৪ হাজার ১৪৮টি অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হবে। বাণিজ্যিক ভবন হবে দুটি। অ্যাকোয়া সিটিতে জিমনেশিয়াম ও স্বাস্থ্যসেবা কেন্দ্র, কমিউনিটি সেন্টার, ক্লাব, স্কুল, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, শপিং মল ও মসজিদ থাকবে বলে উল্লেখ করা হয়েছে ইন্টার এশিয়া গ্রুপের প্রস্তাবে।
ইন্টার এশিয়া গ্রুপের ওয়েবসাইট ঘেঁটে দেখা যায়, তাদের আবাসন, খনিজ, কাঠ, জ্বালানিসহ বিভিন্ন পণ্যের ব্যবসা আছে। তারা সিঙ্গাপুরে পারমাস সিটি নামের একটি আবাসন ও বাণিজ্যিক প্রকল্প বাস্তবায়ন করছে। সিঙ্গাপুরের পাশাপাশি মালয়েশিয়া ও হংকংয়ে তাদের ব্যবসা আছে।
বেজায় বিনিয়োগ প্রস্তাব দেওয়ার সময় ইন্টার এশিয়া গ্রুপের সঙ্গে বাংলাদেশের শিকদার গ্রুপের কর্মকর্তারা ছিলেন। শিকদার গ্রুপের ব্যবস্থাপক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাবরাংয়ে ইন্টার এশিয়া গ্রুপের বিনিয়োগ প্রস্তাবটি সরকার গ্রহণ করলে শিকদার গ্রুপ সেখানে ঠিকাদার হিসেবে কাজ করবে।
নাফ ট্যুরিজম পার্ক: নাফ নদীর জালিয়ার দ্বীপে আরেকটি পর্যটনকেন্দ্র গড়ে তোলা নিয়ে পবন চৌধুরী বলেন, হাইকোর্টে দুটি রিট নিষ্পত্তি করে দ্বীপটি স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের দখল থেকে মুক্ত করা হয়েছে। ওই দ্বীপে নাফ ট্যুরিজম পার্ক নামের একটি পর্যটনকেন্দ্র গড়ে তুলতে দরপত্র আহ্বান করা হবে।
জালিয়ার দ্বীপের এক পাশে বাংলাদেশ, অন্য পাশে মিয়ানমার। দ্বীপটির আয়তন ২৭১ একর। জানা গেছে, ওই দ্বীপে এত দিন পুকুর খনন করে মাছ চাষ করতেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা।
পবন চৌধুরী জানান, ৯৫ কোটি টাকা বরাদ্দ দিয়ে জালিয়ার দ্বীপে একটি সেতু ও রাস্তাঘাট তৈরি করার কাজ চলছে। ২০১৭ সালের ডিসেম্বরে সেখানে পর্যটকেরা যেতে পারবেন। ২০১৮ সালে তাঁরা নাফ ট্যুরিজম পার্কে রাত যাপন করতে পারবেন।