টেকনাফের চামড়া ব্যবসায়ীরা এবার পুঁজির সংকটে
কক্সবাজারের টেকনাফের চামড়া ব্যবসায়ীরা চলতি মূলধনের সংকটে পড়েছেন। চট্টগ্রামের আড়তদার ও ট্যানারির মালিকদের কাছে প্রায় এক কোটি টাকা বকেয়া পড়ে থাকায় স্থানীয় ব্যবসায়ীরা এবার কোরবানির পশুর চামড়া কেনার প্রস্তুতি নিতে পারছেন না বলে জানিয়েছেন।ব্যবসায়ীরা জানান, শিগগির তাঁদের পাওনা বকেয়া মেটানো না হলে তাঁরা চামড়া কিনতে পারবেন না। এই উপজেলায় ৩৫ ব্যক্তি চামড়ার ব্যবসা করলেও বর্তমানে সক্রিয় আছেন মাত্র ১৭ জন। অন্যরা পুঁজি হারিয়ে ব্যবসা ছেড়ে দিয়েছেন। চট্টগ্রামের আড়তদার ও ট্যানারির মালিকদের কাছে পুঁজি আটকে যাওয়ায় তাঁদের এ হাল হয়েছে। অন্যদিকে যাঁরা চামড়া ব্যবসায় এখনো সক্রিয় আছেন, তাঁদের অবস্থাও ভালো নয়।ব্যবসায়ীরা জানান, চট্টগ্রামের আড়তদার ও ট্যানারির মালিকেরা অন্য বছরগুলোতে ঈদের প্রায় এক মাস আগে বকেয়া পাওনা পরিশোধ করলেও এবার এখন পর্যন্ত তা করেননি। যে কারণে তাঁরা চরম পুঁজিসংকটে পড়েছেন এবং কোরবানির পশুর চামড়া কেনা নিয়ে বিপাকে আছেন।চামড়া ব্যবসায়ী আবুল কালাম মেম্বার, আমির হোসেন, মৌলভি নুরুল হক ও শেখ হায়দার আলী জানান, তাঁদের কাছে এবার পুঁজি নেই। বকেয়া পাওনা পাওয়া গেলে চামড়া কিনবেন। অন্যথায় ঋণ নিয়ে চামড়া কেনার ঝুঁকি নেবেন না।