রাজনৈতিক দলগুলো নিজের স্বার্থে ছাত্ররাজনীতিকে ব্যবহার করছে। দেশের নীতিনির্ধারণীতে তাদের কোনো অংশগ্রহণ নেই। তাই টেকসই অর্থনীতির জন্য লেজুড়বৃত্তিকেন্দ্রিক ছাত্ররাজনীতি বন্ধ করতে হবে। একই সঙ্গে প্রকৃত নেতা সৃষ্টিতে সুষ্ঠু ছাত্ররাজনীতিকে উদ্বুদ্ধ করতে হবে।ঢাকা স্কুল অব ইকোনমিকস (ডিএসসিই) আয়োজিত ‘সুষ্ঠু ছাত্ররাজনীতি: টেকসই রাজনীতি ও অর্থনীতি বিকাশে কতটুকু সহায়ক’ শীর্ষক আলোচনায় বক্তারা এসব কথা বলেন। ঢাকার ইস্কাটন গার্ডেনে বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যালয় মিলনায়তনে গতকাল শনিবার আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সফিকুল ইসলাম। সভায় আরও বক্তব্য দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাফিজ জি এ সিদ্দিকী, সাবেক শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্টার মোহাম্মদ সেলিম, ডিএসসিইর একাডেমিক কাউন্সিলের সদস্য এ কে এম শামীম প্রমুখ। সভাপতিত্ব করেন ডিএসসিইর অধ্যাপক নিতাই চন্দ্র নাথ। স্বাগত বক্তব্য দেন ডিএসসিইর সৈয়দ শাহ হাবিব উল্লাহ।