বাংলাদেশে টেকসই অর্থায়নে বেশ কিছু সমস্যা রয়েছে বলে মন্তব্য করেছেন এ খাতের বিশেষজ্ঞরা। বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকিং অ্যাসোসিয়েশনের মধ্যে সমন্বয়হীনতা এ ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। সরকারের উদ্যোগে বাংলাদেশ ব্যাংক কম সুদে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে নিয়ে একটি তহবিল গঠন করলে দ্রুত এ খাতে সফলতা আসবে। তহবিল গঠনে সরকারি অনুদান পেতে বিশেষায়িত শর্ত নির্ধারণের সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা।
রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) মিলনায়তনে ‘এক্সপ্লোরিং বেরিয়ারস অব সাসটেইনেবল ফিন্যান্স ইন ফিন্যান্সিয়াল সেক্টর অ্যান্ড পলিসি প্রোপজিশনস টু রিমুভ দ্য বেরিয়ার’ শীর্ষক গবেষণা কর্মশালায় গতকাল বৃহস্পতিবার এমন মতামত উঠে আসে। বিআইবিএম ও বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফিন্যান্স বিভাগ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিআইবিএমের অধ্যাপক শাহ আহসান হাবীবের নেতৃত্বে ৬ সদস্যের একটি গবেষক দল কর্মশালায় গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে। বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফিন্যান্স বিভাগের মহাব্যবস্থাপক মনোজ কুমার বিশ্বাস।
এস কে সুর চৌধুরী বলেন, ১৯৯৭ সালে গ্রিন ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংকিং খাতে টেকসই অর্থায়ন শুরু হয়। টেকসই অর্থায়নের দ্রুত সফলতার জন্য বাংলাদেশ ব্যাংক অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। তবে এখন পর্যন্ত এ খাতে বেশ কিছু সমস্যা রয়েছে, যা দূর করতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে।
বিআইবিএমের চেয়ার অধ্যাপক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, টেকসই উন্নয়নের ক্ষেত্রে একটা তহবিল গঠন করতে হবে। তবে এটা ব্যাংকের ওপর চাপিয়ে দিলে ব্যাংক তা করবে না। এ জন্য বাংলাদেশ ব্যাংক একটা মূলধনী তহবিল গঠন করতে পারে। যেখানে সরকারের বাজেট থেকে এ তহবিলে টাকা জমা হবে। এই ফান্ডে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোও টাকা জমা করবে।
বিআইবিএমের অধ্যাপক ও পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী বলেন, ব্যাংকিং খাতে টেকসই অর্থায়নের ক্ষেত্রেÿদক্ষতা উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে প্রশিক্ষণের বাজেট রাখতে হবে। কিন্তু অনেক ব্যাংকের পরিচালনা পর্ষদ প্রশিক্ষণের জন্য বরাদ্দ রাখতে চায় না।