টেকসই উন্নয়ন নিয়ে চার দিনের সম্মেলন চলছে
টেকসই উন্নয়ন বিষয়ে চার দিনের সম্মেলন গত শনিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হয়েছে।
গ্লোবাল সিটিজেনস ফোরাম অন সাসটেইনেবল ডেভেলপমেন্ট এবং বেসরকারি সংস্থা এমিন্যান্স যৌথভাবে এর আয়োজন করেছে।
সম্মেলনের দ্বিতীয় দিন গতকাল এক অধিবেশনে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এই অধিবেশনে তিনি বলেন, সামাজিক বৈষম্য নিরসন ও টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে সরকার কাজ করছে। ফলে বাংলাদেশ ক্রমেই বিশ্ব মানবসম্পদ উন্নয়নের সূচকে এগিয়ে যাচ্ছে।
গ্লোবাল সিটিজেনস ফোরামের আহ্বায়ক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশের এ দেশীয় পরিচালক এম আর্জেন্টিনা মেটাভেল পিকসিন বিশেষ অতিথি ছিলেন। বক্তব্য দেন এমিন্যান্সের সিইও ও প্রতিষ্ঠাতা মো. শামীম হায়দার তালুকদার।
আরেক অধিবেশনে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল শনিবার আটটি কর্ম-অধিবেশন অনুষ্ঠিত হয়। এসব অধিবেশনের বিষয়বস্তু ছিল মাতৃ ও শিশুস্বাস্থ্য, এইডস ও অন্যান্য সংক্রামক রোগ, মানসম্মত শিক্ষা, লিঙ্গবৈষম্য দূরীকরণ, নারীবান্ধব পরিবেশ সৃষ্টি, গণতান্ত্রিক শাসন ও কার্যকর প্রতিষ্ঠান।