টেকসই উন্নয়নের জন্য অর্থায়নই বড় চ্যালেঞ্জ: মুহিত
টেকসই উন্নয়নের জন্য অর্থায়নকেই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, অর্থায়নের জন্য অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ এবং বৈদেশিক সহায়তার পাশাপাশি পারস্পরিক কারিগরি ও প্রযুক্তি সহায়তা এখন জরুরি।
রাজধানীর একটি হোটেলে দক্ষিণ-দক্ষিণ ও ত্রিমুখী সহযোগিতা বিষয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সভাশেষে গত সোমবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।
দক্ষিণ-দক্ষিণ ও ত্রিমুখী সহযোগিতার মাধ্যমে টেকসই উন্নয়নের দিকে যাওয়ার তাগিদ দিয়ে অর্থমন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের চাবিকাঠি হচ্ছে তিনটি—বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা। স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) মধ্যে এ তিনের বিনিময় দরকার, যা বাংলাদেশসহ সব এলডিসির জন্যই ভালো ফল নিয়ে আসবে।
জাতিসংঘের দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা কার্যালয় (ইউএনওএসএসসি), জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও ইআরডির যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ২০১৫-পরবর্তী উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষিণের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে থাকা নানামুখী সহযোগিতার ধারা বেগবান করাই এ সভার লক্ষ্য। এতে ৪৫টি দেশের ২৪৫ জন প্রতিনিধি অংশ নেন। আর আবদুল মোমেন দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার জন্য জাতিসংঘ গঠিত উচ্চপর্যায়ের কমিটিরও সভাপতি।
দক্ষিণ-দক্ষিণ ও ত্রিমুখী সহযোগিতাকে ভালো অবস্থায় নিয়ে যেতে উন্নত দেশগুলোর সহযোগিতা লাগবে বলে মনে করেন মুহিত। তিনি বলেন, ‘উন্নত দেশ থেকে আমাদের যে সহায়তা পাওয়া উচিত, তা কিন্তু আমরা পাচ্ছি না।’
১৯৭৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুসারে গঠিত হয় দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা। সভায় দুই দিনে ছয়টি পূর্ণাঙ্গ অধিবেশন ও প্রায়োগিক অধিবেশন অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রী জানান, ছয় অধিবেশন থেকে উঠে আসা বিষয়গুলো আগামী জুলাইয়ে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠেয় সম্মেলনে উত্থাপন করা হবে।