টেকসই উন্নয়নের জন্য চাই সঠিক আর্থিক নীতিমালা
অর্থনৈতিক মন্দার পর প্রবৃদ্ধি ধরে রাখা ও টেকসই উন্নয়নের জন্য সঠিক আর্থিক নীতিমালা প্রয়োজন। তবে এ নীতিমালা এমন হতে হবে, যাতে দেশগুলো মন্দার পর উদ্ভূত অর্থনৈতিক সমস্যাগুলো চিহ্নিত করে তা মোকাবিলা করতে পারে। এ ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোকে বিশেষ ভূমিকা রাখতে হবে। ‘প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের জন্য বিকল্প আর্থিক ব্যবস্থা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। গতকাল সোমবার দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) রাজধানীর কারওয়ান বাজারে নিজস্ব কার্যালয়ের মিলনায়তনে এক সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএবির সহসভাপতি আবদুস সালাম। আরও বক্তব্য দেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবির, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান, আইসিএবির সভাপতি মো. সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন আইসিএবির কাউন্সিল সদস্য মো. আনোয়ার উদ্দিন চৌধুরী। গভর্নর বলেন, টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখা। আর এটি করতে হলে আর্থিক সমতা নিশ্চিত করা এবং উন্নয়ন প্রক্রিয়ায় জনগণের অধিকতর অংশগ্রহণের ওপর জোর দিতে হবে। আতিউর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংক টেকসই উন্নয়নের জন্য বিকল্প আর্থিক ব্যবস্থা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক পদক্ষেপের কারণে দেশের প্রাপ্তবয়স্ক মানুষ আগের চেয়ে বেশি আর্থিক সেবা পাচ্ছে। তিন বছর আগে ৭৮ শতাংশ মানুষ এ সেবা পেলেও বর্তমানে পায় প্রায় ৮৭ শতাংশ। মোহাম্মদ আবদুল মান্নান বলেন, টেকসই উন্নয়নের জন্য কৃষি খাতের উন্নয়ন, ব্যাংকসেবার আওতার বাইরের মানুষকে আর্থিক সেবায় অন্তর্ভুক্তি ও সিএসআর কার্যক্রম বাড়ানো প্রয়োজন। আবদুস সালাম বলেন, প্রবৃদ্ধি ধরে রাখতে হলে দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থানের সংখ্যা ও মান বৃদ্ধি, কৃষি ও সামাজিক খাতের উন্নয়ন ও আঞ্চলিক বৈষম্য দূরীকরণের মতো বিষয়গুলোতে মনোযোগ দিতে হবে।