টেকসই উন্নয়নের জন্য সবুজ বিনিয়োগ জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নের জন্য সবুজ বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। তিনি বলেছেন, ‘পরিবেশবান্ধব শিল্পে অর্থায়ন বাড়ানোর মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এ জন্য সবুজ অর্থায়ন কর্মকাণ্ডে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকরভাবে যুক্ত হতে হবে।’
রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল শনিবার বেসরকারি সংস্থা ‘নিওস্টার’ আয়োজিত ‘টেকসই উন্নয়নের জন্য সবুজ অর্থায়ন’ শীর্ষক দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এসব কথা বলেন। খবর বাসসের।
অনুষ্ঠানে জার্মান সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জিআইজেডের সাসটেইনএবল এনার্জি ফর ডেভেলপমেন্ট (এসইডি) প্রোগ্রামের কর্মসূচি ব্যবস্থাপক ডেভিড পিটার হ্যানকক, এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম মঈনউদ্দিন মোনেম, রহিমআফরোজ রিনিউএবল এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার মিসবাহ মঈন, নিওস্টারের প্রধান নির্বাহী এডওয়ার্ড অপূর্ব সিংহ, এনার্জিপ্যাক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল আকতার প্রমুখ বক্তব্য দেন।
গভর্নর বলেন, আগামী বছর থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য পরিবেশবান্ধব খাতে বিনিয়োগের বার্ষিক লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে। প্রতিটি ব্যাংকে তার মোট ফান্ডেড ঋণ বা বিনিয়োগের ৫ শতাংশ এই খাতে বিনিয়োগ করতে হবে।