টেকসই উন্নয়নের স্বার্থে দরকার গুণগত কর্মসংস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে গতকাল সিপিডি আয়োজিত ৯ম দক্ষিণ এশিয়া অর্থনৈতিক সম্মেলনে আঞ্চলিক যোগাযোগ–বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা l প্রথম আলো
রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে গতকাল সিপিডি আয়োজিত ৯ম দক্ষিণ এশিয়া অর্থনৈতিক সম্মেলনে আঞ্চলিক যোগাযোগ–বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা l প্রথম আলো

দক্ষিণ এশিয়ার টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য গুণগত মানের কর্মসংস্থানের প্রতি অধিক মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন এই অঞ্চলের গবেষক ও অর্থনীতিবিদেরা। তাঁরা বলছেন, গত তিন দশকে এই অঞ্চলের দেশগুলোর দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি হলেও গুণগত এবং প্রয়োজনীয় কর্মসংস্থান নিশ্চিত হয়নি। ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধির যথাযথ সুফল মেলেনি। এ কারণে টেকসই উন্নয়নের স্বার্থে কর্মসংস্থানের প্রতি জোর দিয়েছেন গবেষক ও অর্থনীতিবিদেরা।
রাজধানীর পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ানে গতকাল শনিবার থেকে আয়োজিত দুদিনব্যাপী নবম দক্ষিণ এশীয় অর্থনৈতিক সামিটের এক কর্ম-অধিবেশনে এসব পরামর্শ উঠে আসে। এদিন বিকেলে ‘২০৩০ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার টেকসই অর্থনৈতিক পরিবর্তন: সম্ভাব্য পথ’ শীর্ষক কর্ম-অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দক্ষিণ এশিয়া সেন্টার ফর পলিসি স্টাডিজ ভারতের চেয়ারম্যান ও ইমেরিটাস অধ্যাপক দীপক নায়ার।
অধিবেশনে সম্মানিত অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শ্রীলঙ্কার ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজের নির্বাহী পরিচালক সামান কেলেগামা। কর্ম-অধিবেশনে প্যানেল আলোচক ছিলেন সাবেক পররাষ্ট্রসচিব সমশের মুবিন চৌধুরী, পাকিস্তানের পাঞ্জাবের অ্যাসেম্বলি সদস্য নাজমা আফজাল খান, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক সুলতান হাফিজ রহমান, নেপালের জাতীয় পরিকল্পনা কমিশনের সদস্য স্বরনিম ওয়াগলে এবং শ্রীলঙ্কার ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজের উপপরিচালক দুশনি ওয়ারেকন।
কর্ম-অধিবেশনের বেশির ভাগ আলোচক টেকসই উন্নয়নের স্বার্থে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন। এ সময় তাঁরা বলেন, প্রতিষ্ঠান শক্তিশালী হলে অর্থনীতির যেকোনো আঘাত মোকাবিলা করে লক্ষ্য অর্জন সহজ হবে।
মূল প্রবন্ধে দীপক নায়ার বলেন, কর্মসংস্থান হচ্ছে টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি। কর্মসংস্থানের মাধ্যমে সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব। গত কয়েক দশকে প্রবৃদ্ধি হলেও তাতে গুণগত কর্মসংস্থান সৃষ্টি হয়নি। ফলে উদ্বৃত্ত শ্রমশক্তি অনানুষ্ঠানিক খাতে কর্মে নিয়োজিত হচ্ছে। দক্ষিণ এশিয়ার শিল্পায়নের যে অগ্রগতি, তা হতাশাজনক। তবে প্রবৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশকে ব্যতিক্রম হিসেবে উল্লেখ করেন ভারতীয় এ গবেষক।
সম্মানিত অতিথির বক্তব্যে আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘২০৩০ সালে বিশ্ব অর্থনৈতিক মানচিত্রে চীন হবে বৃহৎ অর্থনীতির দেশ। সেই হিসাবে ২০৩০ সালের মধ্যে দক্ষিণ এশিয়া হবে অর্থনৈতিক দিক থেকে পৃথিবীর বৃহৎ শক্তিশালী অঞ্চল। এ সময়ের মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নেও সুনির্দিষ্ট কিছু লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে জ্ঞাননির্ভর অর্থনীতির দেশে পরিণত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। এর ফলে কর্মসংস্থান যেমন বাড়বে, তেমনি কমবে দারিদ্র্য। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ হবে সম্পূর্ণ ক্ষুধামুক্ত দেশ।’
পাঞ্জাব অ্যাসেম্বলির সদস্য নাজমা আফজাল খান বলেন, সুশাসনের অভাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে সামাজিক খাতের বিভিন্ন সংস্কার কার্যক্রমে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। পারস্পরিক সহযোগিতার অভাবও এই অঞ্চলের দেশগুলোর সামনে বড় চ্যালেঞ্জ।
সুলতান হাফিজ রহমান বলেন, প্রবৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান নিশ্চিত করতে হলে উচ্চ উৎপাদনশীল খাতের উন্নয়নে নজর দিতে হবে। তা ছাড়া এই অঞ্চলের দারিদ্র্যের সমস্যা দূর করতে হলে এ খাতের ব্যয়ের পরিমাণও বাড়ানো দরকার বলে মনে করেন তিনি। এ সময় তিনি প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়ানোর ওপরও বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।
সমশের মুবিন চৌধুরী বলেন, দক্ষিণ এশিয়ার সামগ্রিক ও টেকসই উন্নয়নে সবার আগে দরকার এ পারস্পরিক সহযোগিতার উদার মনোভাব।