উন্নত ও উন্নয়নশীল দেশ ও অঞ্চলসমূহের জোট গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ আর্থিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।জি-২০ জোটের সদস্য দেশ ও অঞ্চলগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা এই প্রতিশ্রুতি দেন। রাশিয়ার রাজধানী মস্কোতে আয়োজিত এই জোটের অর্থমন্ত্রীদের সম্মেলন থেকে ঘোষণাটি আসে। গত শুক্র ও শনিবার এই সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলন শেষে দেওয়া যৌথ ঘোষণায় অধিকতর শিথিল ও বাজারভিত্তিক মুদ্রা বিনিময় হার চালুর ওপর গুরুত্বারোপ করা হয়। এতে মুদ্রা বিনিময় হারে অস্থিরতার কারণে যে অর্থনৈতিক স্থিতিশীলতায় বিরূপ প্রভাব ফেলে, তা স্বীকার করে অবমূল্যায়নের প্রতিযোগিতা এড়িয়ে চলার প্রতিশ্রুতি দেওয়া হয়। ঘোষণায় বলা হয়, জোটের সদস্যরা নিজ নিজ মুদ্রার অবমূল্যায়ন থেকে বিরত থাকতে ও সম্ভাব্য ‘মুদ্রাযুদ্ধ’ এড়াতে চায়। এতে বলা হয়, ‘আমরা মুদ্রা বিনিময় হারকে প্রতিযোগিতার দৃষ্টিকোণ থেকে দেখব না, বরং সব ধরনের রক্ষণশীল পদ্ধতি প্রতিরোধ করে বাজার উন্মুক্ত রাখব।’ ঘোষণায় বলা হয়েছে, বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে সর্বত্রই নিম্ন হারে কর দিয়ে বিভিন্ন দেশ থেকে মুনাফা স্থানান্তরের যে প্রবণতা রয়েছে, তা প্রতিরোধে জি-২০ জোটের সদস্যরা বদ্ধপরিকর।এদিকে জাপানি ইয়েনের বিনিময় হার অব্যাহতভাবে কমে যাওয়ায় তা আন্তর্জাতিক বাজারে বড় মুদ্রাগুলোকে সমস্যার মুখে ঠেলে দিয়েছে। এতে ‘মুদ্রাযুদ্ধের’ শঙ্কা তৈরি হয়েছে বলেও ধারণা করা হয়।দেশটির নতুন সরকারও অর্থনীতিকে চাঙা করে তুলতে তাদের মুদ্রা ইয়েনের বিনিময় হার কমানোর নীতি গ্রহণ করেছে। গত বছরের সেপ্টম্বর থেকে এ পর্যন্ত মার্কিন ডলারের বিপরীতে ইয়েনের বিনিময় হার ১৫ শতাংশ কমেছে।মুদ্রাযুদ্ধ নিয়ে অবশ্য দ্বিমতও আছে। যেমন: উন্নত দেশগুলোর জোট অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) মহাসচিব অ্যাঞ্জেল গরিয়া জি-২০ জোটের অর্থমন্ত্রীদের সম্মেলনের প্রথম দিন শুক্রবারে মুদ্রাযুদ্ধকে মেয়াদোত্তীর্ণ বিষয় বলে উড়িয়ে দিয়েছেন।আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টন ল্যাগার্দে বলেছেন, অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রক্রিয়ায় ভারসাম্যহীনতা থাকলেও বিভিন্ন মুদ্রার বিনিময় হার যথাযথভাবেই মূল্যায়িত রয়েছে। জি-২০ জোটের সদস্যরা হলো: আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। বাসস, সিনহুয়া ও বিবিসি।