টেকসই প্রবৃদ্ধির চালিকাশক্তি হলো প্রযুক্তি: গভর্নর
টেকসই প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হলো প্রযুক্তি। এ উপলব্ধি থেকেই প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশ ব্যাংক ও সরকারের অন্য নিয়ন্ত্রক সংস্থাগুলো উদারনীতি অবলম্বন করেছে। এমন কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
সিঙ্গাপুরের একটি হোটেলে গতকাল বুধবার ‘সিবোস ২০১৫ সিঙ্গাপুর’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে গভর্নর এ কথা বলেন। পেরুর রাজধানী লিমায় অনুষ্ঠিত বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভা শেষে দেশে ফেরার পথে তিনি সিঙ্গাপুরে এই সেমিনারে অংশ নেন। খবর বাসসের।
সেমিনারে আতিউর রহমান বলেন, বৈশ্বিক মন্দা সত্ত্বেও এক যুগ ধরে বাংলাদেশ গড়ে ৬ শতাংশের ওপর প্রবৃদ্ধি অর্জন করছে। মূল্যস্ফীতিও দীর্ঘদিন ধরে নিম্ন মাত্রায় স্থিতিশীল আছে। কমেছে রাজস্ব ঘাটতিও। কর্মসংস্থান হয়েছে ঊর্ধ্বমুখী। মাথাপিছু আয় ও প্রকৃত মজুরি বেড়েছে। অর্থনীতির সুফল পেতে শুরু করেছে মানুষ।
গভর্নর বলেন, বাংলাদেশ সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত সমর্থন, নিয়ন্ত্রণ কাঠামো, আর্থিক বাজারের সঙ্গে সংযোগ স্থাপন, প্রযুক্তিগত উন্নয়ন এবং স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থা ক্ষুদ্রঋণ কার্যক্রমকে বেগবান করেছে।