বাংলাদেশে বর্তমানে প্রবৃদ্ধি যে অবস্থায় আছে, তা টেকসই নয়, বরং নড়বড়ে অবস্থায় আছে। প্রবৃদ্ধি টেকসই করতে হলে কৃষি ও শিল্প তথা প্রকৃত খাতের প্রবৃদ্ধিকে জোরদার করতে হবে, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং দারিদ্র্য হ্রাস করতে হবে। এই অভিমত প্রকাশ করে বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন অন্বেষণ বলেছে, ২০১০-১১ অর্থবছরের বাজেট টেকসই প্রবৃদ্ধির জন্য সহায়ক নয়। গতকাল শনিবার সংস্থাটি তাদের যে বাজেট পর্যালোচনা প্রকাশ করেছে, তাতে এসব কথা বলা হয়েছে। সংস্থাটির মতে, বাংলাদেশের বর্তমান প্রবৃদ্ধি মূলত ভোগবাদী প্রবৃদ্ধিতে রূপ নিয়েছে, যা যথেষ্ট কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না। কেননা, ২০০৮-০৯ অর্থবছরে দেশে বেকারত্বের হার ৫ দশমিক ১০ শতাংশে উন্নীত হয়েছে, যেখানে ২০০৫-০৬ অর্থবছরে এটি ছিল ৪ দশমিক ৩০ শতাংশ। অথচ একই সময়ে শ্রমশক্তি বেড়েছে ৮ দশমিক ৪৮ শতাংশ। এতে ‘কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি’ হচ্ছে বলে উন্নয়ন অন্বেষণ মনে করে।সংস্থাটি আশঙ্কা ব্যক্ত করে বলেছে, প্রস্তাবিত বাজেটে যেভাবে ঘাটতি অর্থায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা মূল্যস্ফীতিকে উসকে দেবে। উন্নয়ন অন্বেষণের মতে, উচ্চহারে ব্যাংকঋণ গ্রহণ, মুদ্রানীতির মাধ্যমে সুদের হারকে সহনীয় পর্যায়ে রাখতে না পারা ও ভোগ ব্যয়—এই তিনের সমন্বয়ে আগামী দিনগুলোয় মূল্যস্ফীতির ধারা ঊর্ধ্বমুখীই থাকবে। এর ফলে মানুষের সঞ্চয় থেকে প্রকৃত প্রাপ্তি কমে যাবে, শ্রমজীবীদের প্রকৃত মজুরি হ্রাস পাবে এবং পরিকল্পিত বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বলে সংস্থাটির বাজেট পর্যালোচনায় উল্লেখ করা হয়েছে। যদি জিডিপি প্রবৃদ্ধির হার মূল্যস্ফীতির হারের চেয়ে বেশি হয় এবং যদি সুদের হার ঠিকমতো ব্যবস্থাপনা করা যায়, তাহলে ঘাটতি অর্থায়ন সমস্যা নয় বলে মন্তব্য করেছে উন্নয়ন অন্বেষণ। বাজেটে কৃষিবিমা প্রবর্তনের উদ্যোগটিকে স্বাগত জানালেও এ জন্য কোনো অর্থ বরাদ্দ না করায় বিষয়টি অস্পষ্টই রয়ে গেল বলে মনে করে উন্নয়ন অন্বেষণ। একইভাবে ভূমিহীন কৃষকের অবস্থা উন্নয়নের জন্য কোনো দিকনির্দেশনা নেই। জমির বিভক্তি ও খণ্ডীকরণ বাংলাদেশে একটি বড় সমস্যা হয়ে রয়েছে। সে বিষয়েও কোনো মনোযোগ নেই। অন্যদিকে সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) কার্যক্রম চলতি বছর কোনো অগ্রগতিই লাভ করেনি। তার পরও অর্থমন্ত্রী আগামী বছরের বাজেটে পিপিপির জন্য তিন হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এ তথ্য উল্লেখ করে সংস্থাটি বলছে, বেসরকারি খাত কতখানি এগিয়ে আসবে, তা নিয়ে প্রশ্ন থেকে যায়। ভারতের অভিজ্ঞতায় দেখা গেছে, মোট পিপিপির ১৪ শতাংশ বিদ্যুৎ উত্পাদনে বিনিয়োগ করা হয়েছে। আবার মোট পিপিপিতে মাত্র ২০ শতাংশ এসেছে বেসরকারি খাত থেকে। নতুন পাঁচ লাখ করদাতা তৈরির কথা বলা হলেও বর্তমানে ২২ লাখ টিআইএনধারীর মধ্যে মাত্র ছয় লাখ নিয়মিত আয়কর বিবরণী দাখিল করেন। তাহলে বাকি ১৬ লাখ টিআইএনধারীদের কী হবে, বাজেটে তা বলা হয়নি। অথচ এই ১৬ লাখ থেকে অর্ধেকেও যদি করদাতা বানানো যায়, তাহলে রাজস্ব আদায়ে বড় ধরনের অগ্রগতি আসবে বলে মনে করে উন্নয়ন অন্বেষণ।