টেকসই ব্যবসা প্রবৃদ্ধিতে দরকার নীতি প্রণোদনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করপোরেট খাতে ব্যবসায়িক মুনাফার পাশাপাশি এখন সমান গুরুত্বপূর্ণ টেকসই ব্যবসা প্রবৃদ্ধি। সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক কল্যাণের জন্য টেকসই ব্যবসা প্রবৃদ্ধি নিশ্চিত করতে করপোরেট খাতের যেমন দায়িত্ব আছে, তেমনি রাষ্ট্রকেও এ ক্ষেত্রে সহায়ক পরিবেশ তৈরি করতে হবে।

টেকসই ব্যবসা প্রবৃদ্ধি নিয়ে নরওয়ের বহুজাতিক টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান টেলিনর ও নরওয়ে দূতাবাস আয়োজিত এক সেমিনারে এমন মতই উঠে এসেছে। রাজধানীর গুলশানের একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এ সেমিনারের প্রতিপাদ্য ছিল ‘বিজনেস সাসটেইনিবিলিটি-পারসপেক্টিভ অন ক্রিয়েটিং শেয়ারড ভ্যালু’। বাংলাদেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের মূল মালিকানা প্রতিষ্ঠান হলো টেলিনর।

সেমিনারে মূল বক্তা ছিলেন টেলিনর গ্রুপের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও করপোরেট অ্যাফেয়ার্স প্রধান কাটইয়া নর্ডগ্রাদ। তিনি বলেন, ‘বাংলাদেশে ব্যবসায় টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে গ্রামীণফোন সব সময় কাজ করে এসেছে। মানুষের প্রতি দায়বদ্ধ প্রতিষ্ঠান হিসেবে সবার জন্য ইন্টারনেট, অনলাইন স্কুল, টেলিচিকিৎসা, মুঠোফোনভিত্তিক জীবনবিমার মতো বিষয়গুলো এ দেশে চালু করেছে গ্রামীণফোন।’

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ারের সঞ্চালনায় একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘টেকসই ব্যবসা প্রবৃদ্ধি নিশ্চিতে করপোরেট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি ও স্বচ্ছতার বিষয়টিও নিশ্চিত করতে হবে।’ সাইটেইনিবিলিটি প্রতিবেদনে প্রকাশিত তথ্যের মানের ভিত্তিতে করপোরেট প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করা যেতে পারে বলে তিনি মনে করেন।

আলোচনায় এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, টেকসই ব্যবসা প্রবৃদ্ধি নিশ্চিতে করপোরেট খাতের পাশাপাশি এসএমই খাতকে সম্পৃক্ত করতে হবে।

বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মারেটে লুন্ডেমো বলেন, টেকসই ব্যবসা প্রবৃদ্ধি নিশ্চিত করতে হলে করপোরেট খাতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।