ব্যবসার টেকসই প্রবৃদ্ধির জন্য প্রয়োজন অন্তর্ভুক্তিমূলক ব্যবসা-কৌশল প্রয়োগ করা। এ জন্য ব্যবসার মূল্য প্রক্রিয়ার (ভ্যালু চেইন) সঙ্গে পণ্য উৎপাদনকারী এবং ভোক্তাদের মধ্যে কার্যকর সংযোগ থাকতে হবে।রাজধানীর একটি হোটেলে ‘পজিশনিং বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে ‘বেসরকারি খাত: টেকসই উন্নয়নের চালিকাশক্তি’ শীর্ষক কর্ম-অধিবেশনে বক্তারা এ কথা বলেন।ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, গবেষণা সংস্থা বিল্ড, ক্যাটালিস্ট এবং সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোর সংগঠন বিএএসআইএস যৌথভাবে সম্মেলনের আয়োজন করে। বুধবার শুরু হওয়া এ সম্মেলন গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে।অধিবেশনে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ন্যায্য দামে কাঁচামাল পাওয়ার স্বার্থে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর উচিত পণ্য উৎপাদনকারীদের সঙ্গে অংশীদারি গড়ে তোলা। মোস্তাফিজুর রহমান বলেন, ভারতের ‘আমূল’ বিশ্বের অন্যতম বড় দুগ্ধ সমবায় প্রতিষ্ঠান। দুধ উৎপাদনকারীদের ভ্যালু চেইনের মধ্যে নিয়ে আসার কারণেই তারা ওই অবস্থানে পৌঁছাতে পেরেছে।অধিবেশনের মূল প্রবন্ধে অ্যাকশন ফর এন্টারপ্রাইজের নির্বাহী পরিচালক ফ্র্যাঙ্ক লাসবি বলেন, স্বল্প আয়ের উৎপাদনকারী এবং ভোক্তারা বিশাল বাজারকে প্রতিনিধিত্ব করেন।ভ্যালু চেইন বিশেষজ্ঞ লাসবি বলেন, বাংলাদেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠান অন্তর্ভুক্তিমূলক ব্যবসার চর্চা করছে। অনেক প্রতিষ্ঠান কৃষকের কাছে কম দামে ছোট মোড়কে বীজ বিক্রি করছে। খাদ্য প্রস্তুতকারী কিছু প্রতিষ্ঠান কৃষকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দিচ্ছে। আবার হস্তজাত পোশাক রপ্তানিকারকেরা গ্রামের নারীদের হাতে বোনা পণ্য কিনছে।বোম্বে সুইটসের বিপণন-প্রধান দেবী দাস ডিডি ঘোষাল জানান, কৃষকদের সঙ্গে ‘চুক্তিতে উৎপাদন’-প্রক্রিয়ায় পণ্য সংগ্রহ করে বোম্বে সুইটস। এই চুক্তির আওতায় কৃষকদের কাছ থেকে সারা বছর ধরে তাঁদের উৎপাদিত আলু, বাদাম, ধান, ছোলাবুট কিনে থাকে। এর ফলে প্রতিষ্ঠান যেমন সারা বছর কাঁচামাল পায়, তেমনি কৃষকের উৎপাদিত পণ্যেরও ন্যায্য দাম নিশ্চিত হয়।বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী মজিবুর রহমান ব্যাংকগুলো যত ঋণ দেয়, তার ৫ শতাংশ চুক্তিতে পণ্য উৎপাদনকারী কৃষকদের কাছে বিতরণ করার প্রস্তাব করেন। সভায় বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থার (বিআইডিএস) জ্যেষ্ঠ গবেষক নাজনীন আহমেদ বলেন, ক্রেতারা চান কম দামে পণ্য কিনতে। আবার কাঁচামাল সরবরাহকারীরাও চান তাঁদের পণ্যের ন্যায্য দাম পেতে। এই দুইয়ের মধ্যে সমন্বয় করাই অন্তর্ভুক্তিমূলক ব্যবসার বড় চ্যালেঞ্জ।