টেক্সবাংলায় এবার সাড়া কিছুটা কম
স্থানীয় বস্ত্রশিল্পের অগ্রগতি তুলে ধরা ও তৈরি পোশাক খাতে স্থানীয় বস্ত্রের ব্যবহার বাড়াতে আয়োজিত টেক্সবাংলা-২০১২ এবার একাধিক কারণে ক্রেতা ও দর্শনার্থীদের মধ্যে তেমন সাড়া ফেলতে পারেনি। মূলত শনিবার তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা গত মঙ্গলবার শুরু হওয়া তিন দিনের প্রদর্শনীতে প্রভাব ফেলেছে বলে উল্লেখ করেছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। এর সঙ্গে যুক্ত হয়েছে বুধবার বিএনপির মহাসমাবেশ আর প্রদর্শনীর তিনটি দিনই সাপ্তাহিক কর্মদিবস হওয়া। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) পঞ্চমবারের মতো টেক্সবাংলার আয়োজন করে। এবারের টেক্সবাংলায় ২১টি প্রতিষ্ঠানের ৪৪টি স্টল ছিল। প্রতিষ্ঠানগুলো সুতা, প্যান্ট, টি-শার্ট, জ্যাকেট, লুঙ্গি, কেমিক্যালসহ বস্ত্র খাতের বিভিন্ন পণ্য মেলায় প্রদর্শন করে। তিন দিনব্যাপী এই প্রদর্শনীটি গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। শেষদিন বেলা পৌনে ১২টায় প্রদর্শনী প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, তিন-চারজন ছাড়া টেক্সবাংলায় তেমন কোনো দর্শনার্থী নেই। মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা ঘুরেফিরে ও মুঠোফোনে কথা বলে সময় কাটাচ্ছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তা বলেন, রাজধানীর রুপসী বাংলা হোটেলে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেক্সবাংলার উদ্বোধন করেন। সেদিন বেশ কিছু দর্শনার্থী এলেও পরদিন বুধবার সারা দিনই প্রদর্শনী প্রাঙ্গণ ছিল প্রায় ফাঁকা। তবে বিটিএমএর প্রচারণা ও প্রকাশনাবিষয়ক কর্মকর্তা শরীফুল আলম বলেন, প্রথম দিন অনেক দর্শনার্থী এসেছেন। তবে গতকাল (বুধবার) বিএনপির সমাবেশের কারণে লোকজন একটু কম এসেছে। টেক্সবাংলায় প্যারাডাইস গ্রুপ নিজেদের তৈরি বৈদ্যুতিক তারের পাশাপাশি সুতা, টি-শার্ট, জ্যাকেট ও জিন্সের প্যান্ট মেলায় প্রদর্শন করে। গ্রুপের নির্বাহী আবদুল্লাহ আল-মামুন কেবল অল্প কিছু সুতার কার্যাদেশ পেয়েছেন বলে জানান। আউটপিস স্পিনিং মিল নিজেদের তৈরি সুতা ও জ্যাকেট নিয়ে প্রদর্শনীতে অংশ নেয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক (বিপণন) হামিদ উল্লাহ বলেন, ‘আমরা জ্যাকেট সরাসরি যুক্তরাজ্য, আমেরিকা, রাশিয়া ও জার্মানে রপ্তানি করি।’ কিন্তু মেলায় তেমন কোনো কার্যাদেশ পাননি বলে জানান তিনি।প্রদর্শনীতে পপিন, টুইলম, ক্যানভাসসহ বিভিন্ন পণ্য নিয়ে অংশ নেয় জামাল উদ্দিন টেক্সটাইল। প্রতিষ্ঠানটির বিপণন নির্বাহী এনামুল হাসান জানান, ‘কয়েকজন দর্শনার্থী-ক্রেতা তাঁদের পণ্যসামগ্রী ঘুরে দেখেছেন। ক্যাটালগ নিয়ে গেছেন।’ যাচাই-বাছাই করে তাঁরা কার্যাদেশ দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।