টেরি টাওয়েল রপ্তানিতে লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেরি টাওয়েল
টেরি টাওয়েল

টেরি টাওয়েল রপ্তানিতে তিন কোটি ১৯ লাখ মার্কিন ডলার আয় হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এমনকি প্রবৃদ্ধি হয়েছে ঋণাত্মক।
চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম পাঁচ মাস অর্থাৎ জুলাই-নভেম্বরের চিত্র এটি। তবে জুলাই ছাড়া অন্য তিন মাসেও টেরি টাওয়েল রপ্তানিতে লক্ষ্যমাত্রা কিংবা প্রবৃদ্ধি কোনোটাই অর্জিত হয়নি। ফলে চলতি অর্থবছরের আট কোটি ৬০ লাখ ডলারের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে একটি শঙ্কা থাকছেই। গত অর্থবছর এ খাতে মোট রপ্তানি আয় হয় আট কোটি ১৯ লাখ ডলার।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, টেরি টাওয়েল খাতে আলোচ্য সময়ে তিন কোটি ২৮ লাখ ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে তিন কোটি ১৯ লাখ ডলার রপ্তানি আয় হয়। এটি লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ৭৪ শতাংশ এবং গত অর্থবছরের একই সময়ের তিন কোটি ২২ লাখ ডলারের চেয়ে ১ দশমিক ১৮ শতাংশ কম।
জানা যায়, গত ১৩ বছরের মধ্যে ২০০৯-১০ অর্থবছরেই টেরি টাওয়েল রপ্তানি করে সর্বোচ্চ ১৫ কোটি ৭০ লাখ ডলার আয় হয়। অবশ্য পরের বছরই বড় ধরনের ধাক্কা খায় খাতটি। রপ্তানি কমে যায় সাড়ে ২৩ শতাংশ। সেবার আন্তর্জাতিক বাজারে সুতার দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার নেতিবাচক প্রভাবে এমনটি ঘটে। তবে এবার রাজনৈতিক অস্থিরতার কারণেই টেরি টাওয়েলের রপ্তানি কমে গেছে বলে দাবি করছেন এ খাতের ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানান, দেশে বর্তমানে শপ, বাথ, গলফ, বিচ, গ্লাস, টি টাওয়াল, ফ্লোর ম্যাট, হজ এহরাম, ন্যাপকিনসহ ৩০ থেকে ৩৫ ধরনের টেরি টাওয়েল পণ্য তৈরি হচ্ছে। এসব পণ্যের বড় বাজার আমেরিকা। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত সব দেশ, কানাডা, অস্ট্রেলিয়া ও
জাপানে রপ্তানি হচ্ছে। এ ছাড়া দেশের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী নিজেদের ব্যবহারের জন্য বিপুল পরিমাণ টেরি টাওয়েল দেশীয় উৎপাদকদের কাছ থেকে ক্রয় করে।