
বাংলাদেশ থেকে টেরিটাওয়েলের রপ্তানি মারাত্মকভাবে কমে গেছে। এক বছরের ব্যবধানে বিশ্বব্যাপী পণ্যটির রপ্তানি অর্ধেকে নেমেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্য বলছে, চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) এ দেশ থেকে এক কোটি ৬৯ লাখ ডলারের টেরিটাওয়েল রপ্তানি হয়েছে। আগের বছরের একই সময়ে রপ্তানি হয়েছিল তিন কোটি ১৯ লাখ ডলারের। এক বছরে রপ্তানি কমেছে ৪৭ শতাংশ। ফলে চলতি বছরে এ খাতের জন্য নির্ধারিত সাত কোটি ডলার রপ্তানি আয় অর্জনের লক্ষ্যমাত্রা আদৌ অর্জিত হবে কি না, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। রপ্তানিকারকেরা জানান, দেশে বর্তমানে শপ, বাথ, গলফ, বিচ, গ্লাস, টি-টাওয়াল, ফ্লোর ম্যাট, হজ এহরাম, ন্যাপকিনসহ ৩০ থেকে ৩৫ ধরনের টেরিটাওয়েল পণ্য তৈরি হচ্ছে। এসব পণ্যের বড় বাজার আমেরিকা। এ ছাড়া ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত সব দেশ, কানাডা, অস্ট্রেলিয়া ও জাপানে রপ্তানি হচ্ছে। এ ছাড়া দেশের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী নিজেদের ব্যবহারের জন্য বিপুল পরিমাণ টেরিটাওয়েল দেশীয় উৎপাদকদের কাছ থেকে ক্রয় করে।