টেরিটাওয়েলের রপ্তানি আয় কমেছে
গত দুই বছরের ব্যবধানে দেশের টেরিটাওয়েলের রপ্তানি আয় কমে গেছে প্রায় ৪১ দশমিক ৪০ শতাংশ। চলতি ২০১২-১৩ অর্থবছরেও এই নিম্নমুখী ধারা অব্যাহত আছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, ২০০৯-১০ অর্থবছরে টেরিটাওয়েল রপ্তানি করে বাংলাদেশ ১৫ কোটি ৭০ লাখ ডলার আয় করে, যা আগের অর্থবছরের ১১ কোটি ডলারের রপ্তানি আয়ের চেয়ে সাড়ে ৩৩ শতাংশ বেশি। কিন্তু ২০১০-১১ অর্থবছরে হঠাৎ করেই টেরিটাওয়েলের রপ্তানি আয় কমে যায়। ওই বছর আয় হয় ১২ কোটি ডলার। এটি আগের অর্থবছরের চেয়ে সাড়ে ২৩ শতাংশ কম। এ ছাড়া বিদায়ী ২০১১-১২ অর্থবছরেও এই খাতের রপ্তানি আয়ে নিম্নগামিতা অব্যাহত ছিল। মাত্র নয় কোটি ২১ লাখ ডলার আয় হয়, যা আগের অর্থবছরের চেয়ে ২৩ দশমিক ৩২ কম। অন্যদিকে চলতি অর্থবছর টেরিটাওয়েল খাতের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ কোটি ২৭ লাখ ডলার। এর মধ্যে বছরের প্রথম প্রান্তিক অর্থাৎ জুলাই-সেপ্টেম্বরে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এ সময় দুই কোটি ১০ লাখ ডলার রপ্তানি আয় হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের দুই কোটি ৪৩ লাখ ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ১৩ দশমিক ৭৬ শতাংশ এবং গত বছরের একই সময়ের চেয়ে ১৯ শতাংশ কম।একাধিক ব্যবসায়ী জানান, ২০১০ সালের মাঝামাঝিতে আন্তর্জাতিক বাজারে সুতার দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার নেতিবাচক প্রভাব পড়ে। এ ছাড়া অনেক স্পিনিং মিলের মালিক তখন সুতা ভারতে পাচার করে দেন। এ কারণে চাহিদামতো সুতা না পাওয়ায় তাঁদের লোকসান গুনতে হয়। তবে এখন অবস্থার উন্নতি হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, দেশে বর্তমানে শপ, বাথ, গলফ, বিচ, গ্লাস, টিটাওয়েল, ফ্লোর ম্যাট, হজ এহরাম, ন্যাপকিনসহ ৩০-৩৫ ধরনের টেরিটাওয়েল পণ্য তৈরি হচ্ছে। এসব পণ্যের বড় বাজার আমেরিকা। এ ছাড়া ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত সব দেশ, কানাডা, অস্ট্রেলিয়া ও জাপানে রপ্তানি হচ্ছে। দেশের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী নিজেদের ব্যবহারের জন্য বিপুল পরিমাণ টেরিটাওয়েল দেশীয় উৎপাদকদের কাছ থেকে কার্যাদেশ দিয়ে ক্রয় করে থাকে। বর্তমানে চট্টগ্রাম ছাড়াও ঢাকা, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, টঙ্গী, গাজীপুর, সাভার, কালিয়াকৈর, শ্রীপুরসহ বিভিন্ন এলাকায় টেরিটাওয়েল তৈরির কারখানা গড়ে উঠেছে। এগুলোর অধিকাংশ পুরোপুরি রপ্তানিমুখী হলেও দেশীয় বাজারের সরবরাহ করছেন কেউ কেউ।