টেরিস্ট্রিয়াল ও সাবমেরিন কেব্ল লাইসেন্স দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার শিগগিরই টেরিস্ট্রিয়াল ও সাবমেরিন কেব্ল লাইসেন্সের জন্য আবেদনপত্র আহ্বান করবে। এ-সংক্রান্ত নীতিমালা ইতিমধ্যে চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আবেদনের ভিত্তিতে তিনটি টেরিস্ট্রিয়াল ও দুটি সাবমেরিন কেব্ল লাইসেন্স দেওয়া হবে বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সূত্র।এ ছাড়া এপ্রিল মাসের মধ্যে আরও কয়েকটি গেটওয়ে লাইসেন্স এবং ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) লাইসেন্স প্রদানের প্রস্তুতি নিচ্ছে সরকার।ডাক ও টেলিযোগাযোগসচিব সুনীল কান্তি বোস প্রথম আলোকে বলেছেন, টেরিস্ট্রিয়াল ও সাবমেরিন কেব্ল লাইসেন্স প্রদানের সব ধরনের প্রস্তুতি নেওয়া শেষ। নীতিমালাও চূড়ান্ত হয়ে গেছে। আজ-কালের মধ্যে এ দুই ধরনের লাইসেন্স-সংক্রান্ত আবেদনপত্র দৈনিক পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে আহ্বান করা হবে।চূড়ান্ত নীতিমালা অনুসারে সাবমেরিন কেব্ল লাইসেন্সের জন্য দেশি ও বিদেশি উভয় ধরনের প্রতিষ্ঠান বা নাগরিক আবেদন করতে পারবেন। তবে টেরিস্ট্রিয়াল লাইসেন্স শুধু দেশি এবং স্থানীয় প্রতিষ্ঠান বা ব্যক্তিকে দেওয়া হবে।বিটিআরসি সূত্র জানিয়েছে, টেরিস্ট্রিয়াল বা বেতার তরঙ্গ ব্যবহারের মাধ্যমে প্রাপ্ত ব্যান্ডউইডথ দিয়ে অবৈধ বিদেশি টেলিযোগাযোগের সম্ভাবনা রয়েছে অনেক বেশি। তাই এ অন্যায় রোধে দেশি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হবে, যাতে করে কেউ অন্যায় করলে তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়। যেহেতু বিদেশি প্রতিষ্ঠানগুলোকে আইনের আওতায় নেওয়ার জটিলতা অনেক, তাই শুধু দেশি প্রতিষ্ঠানকে টেরেস্ট্রিয়াল লাইসেন্স দেওয়া হবে। এ ছাড়া বর্তমান সাবমেরিন কেবেলর বিকল্প ব্যবস্থা তৈরির জন্য দেশি বা বিদেশি প্রতিষ্ঠানকে সাবমেরিন কেবেলর লাইসেন্স দেওয়া হবে।উভয় লাইসেন্সের জন্য আবেদনকারীকে অবশ্যই টেলিযোগাযোগ খাতে কাজ করার পূর্বাভিজ্ঞতা থাকতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অন্য লাইসেন্সপ্রাপ্ত টেলিযোগাযোগ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানও আবেদন করতে পারবে। উভয় ধরনের লাইসেন্স পেতে হলে অবশ্যই ডোমেস্টিক কেবল ল্যান্ডিং স্টেশন নির্মাণ করতে হবে।এ প্রসঙ্গে টেলিযোগাযোগসচিব বলেন, টেরিস্ট্রিয়াল ও সাবমেরিন কেব্ল লাইসেন্স পুরোপুরি বেসরকারি খাতে দেওয়া হবে। তবে লাইসেন্স পাওয়ার আড়াই বছরের মধ্যে লাইসেন্সের শর্ত অনুযায়ী কাজ করতে ব্যর্থ হলে অসফল ব্যক্তি বা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে।এদিকে ভিওআইপি লাইসেন্সসহ মোট পাঁচটি গেটওয়ে লাইসেন্স দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বিটিআরসি। টেলিযোগাযোগসচিব বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ), ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ও ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স) এবং ক্ষুদ্র পর্যায়ে ভিওআইপি লাইসেন্স দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। তিনি জানান, দ্রুত এ-সংক্রান্ত আবেদনপত্র আহ্বান করবে বিটিআরসি।