রাষ্ট্রীয় মালিকানাধীন মুঠোফোন অপারেটর টেলিটকের গ্রাহকেরা এখন বিকাশের মাধ্যমে অর্থ লেনদেনসহ অন্যান্য সেবা ব্যবহার করতে পারবেন। এ জন্য একটি ‘নেটওয়ার্ক শেয়ারিং’ চুক্তি করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ ও টেলিটক। টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। বর্তমানে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেলের নেটওয়ার্ক ব্যবহার করে মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা দিচ্ছে বিকাশ। টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ বলেন, ‘এই চুক্তির ফলে আমাদের গ্রাহকেরা বিকাশের মোবাইল ফিন্যান্সিয়াল সেবা ব্যবহার করতে পারবেন।’ আর কামাল কাদীর বলেন, ‘টেলিটকের সঙ্গে এই নেটওয়ার্ক শেয়ারিং আমাদের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসকে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে সহায়তা করবে।’ নিজস্ব প্রতিবেদক