টেলিটকের অব্যবস্থাপনা দুর্নীতির তদন্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি মোবাইল অপারেটর টেলিটকের দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি কাজ করছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে আগামী ছয় মাসের মধ্যে টেলিটকের কার্যক্রমে ‘দৃশ্যমান’ পরিবর্তন আনার কথাও জানান তিনি।
সচিবালয়ে গতকাল মঙ্গলবার টেলিযোগাযোগ প্রতিবেদকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) নতুন কমিটির নেতা ও সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তারানা হালিম। এ সময় আঙুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতিতে চলমান সিম নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি নিয়েও কথা বলেন তারানা হালিম।
সিম নিবন্ধনে মোবাইল অপারেটরদের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘মোবাইল অপারেটররা যদি শতভাগ সহযোগিতা করত, তাহলে মাঠপর্যায়ের চিত্র অন্য রকম হতো। পুরোনো সিম নিবন্ধনের বিষয়ে ইতিমধ্যে আমার ফেসবুক পেজে ৪০০টির মতো অভিযোগ এসেছে। এসব নিয়ে আগামী বৃহস্পতিবার মোবাইল অপারেটরগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে বসব।’
টেলিটক প্রসঙ্গে তারানা হালিম বলেন, ‘টেলিটকের বিরুদ্ধে আনা সব অভিযোগের তদন্ত চলছে। আগামী ছয় মাসের মধ্যে এর কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশা করছি। অবস্থার উন্নতি না হলে টেলিটকের শীর্ষ ব্যবস্থাপনাতেও প্রয়োজনে পরিবর্তন আনা হবে।’ আগামী ফেব্রুয়ারিতে টেলিটকের লোগো পরিবর্তন করে একে নতুন করে ব্র্যান্ডিং করার পরিকল্পনার কথাও জানান তিনি।
মোবাইল হ্যান্ডসেটের নিবন্ধন সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, আগামী ৬ ফেব্রুয়ারি মোবাইল হ্যান্ডসেটের ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেনটিটি (আইএমইআই) তথ্যভান্ডার চালু করা হবে। বৈধভাবে আমদানি হওয়া সব মুঠোফোনের আইএমইআই নম্বর এ তথ্যভান্ডারে সংরক্ষিত থাকবে। মোবাইল আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমপিআইএ) উদ্যোগে এ তথ্যভান্ডার চালু হবে। আর এটি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলের সুবিধা (এমএনপি), ব্যান্ডউইট্থ রপ্তানি, মোবাইল টাওয়ার ব্যবস্থাপনাসহ টেলিযোগাযোগ খাত-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থান ও কার্যক্রম সম্পর্কে কথা বলেন তিনি। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী, টিআরএনবির সভাপতি রাশেদ মেহেদী, সাধারণ সম্পাদক শামীম আহমদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
শিল্পীর অনুমতি ছাড়া ওয়েলকাম টিউন নয়: এদিকে সচিবালয়ে গতকাল বিকেলে মোবাইল অপারেটরদের প্রতিনিধি এবং সংগীতশিল্পী, সুরকার ও গীতিকারদের সঙ্গে এক অনুষ্ঠানে তারানা হালিম বলেন, মুঠোফোনে ওয়েলকাম টিউন ব্যবহার করতে হলে অবশ্যই শিল্পীর অনুমতি নিতে হবে। কোন গানটি মোবাইলে ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহার করা যাবে, সেটি নির্ধারণ করবে বিএলসিপিএস। এ প্রক্রিয়ায় তৃতীয় কোনো পক্ষ থাকবে না বলেও জানান তিনি।