টেলিটকের কর্মীরা কর্মবিরতিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শতভাগ বেতন-ভাতা বাড়ানোর দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সরকারি মুঠোফোন অপারেটর টেলিটকের কর্মীরা। গুলশানের রাজউক ভবনে টেলিটকের প্রধান কার্যালয়ে গতকাল সোমবার সকাল থেকে তাঁরা এ কর্মসূচি শুরু করেন।
টেলিটক এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই কর্মবিরতি চলছে বলে জানা গেছে। গতকাল দুপুরে টেলিটকের প্রধান কার্যালয়ে গিয়ে দেখা যায়, তিন শতাধিক কর্মী কর্মবিরতির প্রতি সমর্থন জানিয়ে ভবনের নিচতলায় অবস্থান কর্মসূচি পালন করছেন। এ সময় টেলিটক কার্যালয়ের কাজকর্ম কার্যত বন্ধ হয়ে পড়ে। ঢাকাসহ সারা দেশে টেলিটকে বর্তমানে ৫৫০ জন স্থায়ী কর্মী রয়েছেন।
এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রায়হান মো. আল কাওসার প্রথম আলোকে বলেন, ‘এক বছরের বেশি সময় ধরে অন্য সরকারি প্রতিষ্ঠানের মতো আমরা বেতন শতভাগ বাড়ানোর জন্য দাবি জানিয়ে আসছিলাম। কিন্তু কর্তৃপক্ষ শুরু থেকেই এ নিয়ে টালবাহানা করছে। তাই বাধ্য হয়ে আমাদের কর্মবিরতিতে যেতে হয়েছে।’