টেলিটকের নতুন যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য লোগো ও স্লোগানে পরিবর্তন এনেছে রাষ্ট্রমালিকানার মুঠোফোন অপারেটর টেলিটক। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় গত মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে টেলিটকের রিব্র্যান্ডিং এই কার্যক্রমের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
‘হাসিমুখে নতুন পথে’ স্লোগান নিয়ে টেলিটকের নতুন পথচলার এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ। ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ।
তারানা হালিম বলেন, ‘দেশের অন্যতম প্রধান টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে টেলিটককে প্রতিষ্ঠিত করতেই এই রিব্র্যান্ডিং ও নতুন লোগো উন্মোচন। এর মাধ্যমে টেলিটক প্রতিযোগিতামূলক বাজারে প্রবেশ করছে। টেলিটককে আমরা বাড়তি সুবিধা দিতে চাই না। সবার জন্য বাজার প্রতিযোগিতামূলক রাখতে চাই এবং টেলিটককে বাজার প্রতিযোগিতায় নিয়ে আসতে চাই।’
তারানা হালিম আরও বলেন, টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন ১ হাজার ৫০০ থ্রিজি ও ১ হাজার ৭০০ টুজি সাইট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ৭০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য টেলিটকের কর্মীদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধিরও ঘোষণা দেন প্রতিমন্ত্রী।
বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, গ্রাহকবান্ধব প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা পেতে টেলিটককে নেটওয়ার্ক সম্প্রসারণ, সেবার মান বৃদ্ধি, নতুন উদ্ভাবনের মাধ্যমে সহজলভ্য ও আকর্ষণীয় পণ্য-সেবা নিয়ে আসা ও গ্রাহকসেবার বিস্তৃতি ঘটাতে হবে। তাহলেই নতুন এই উদ্যোগ সার্থক হবে। অনুষ্ঠানে টেলিটকের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অভিনেতা জাহিদ হাসানকে পরিচয় করিয়ে দেওয়া হয়।