টেলিটকের নেটওয়ার্ক উন্নয়ন করবে হুয়াওয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সরকারি মুঠোফোন অপারেটর টেলিটকের নেটওয়ার্ক উন্নয়নের কাজ করবে এ খাতের বহুজাতিক অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। এতে ব্যয় হবে ৩ কোটি ৯২ লাখ ডলার বা ৩১৩ কোটি টাকা।
এ ব্যাপারে ঢাকায় সচিবালয়ে গত সোমবার দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি হয়েছে। সে অনুযায়ী আগামী দেড় বছরে টেলিটকের জন্য দ্বিতীয় প্রজন্মের (টুজি) ৬৮৫টি ও তৃতীয় প্রজন্মের (থ্রিজি) ৫৫৯টি টাওয়ার বা সাইট তৈরি করবে হুয়াওয়ে। এর ফলে দেশের সব উপজেলা সদর, গ্রোথ সেন্টার ও শিক্ষাপ্রতিষ্ঠানে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারিত হবে।
টেলিটকের এমডি গিয়াস উদ্দিন আহমেদ ও হুয়াওয়ে বাংলাদেশের প্রধান কারিগরি কর্মকর্তা কলিন শি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, সচিব ফয়জুর রহমান চৌধুরী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তারানা হালিম বলেন, নিজস্ব আর্থিক ব্যবস্থাপনায় ৭০০ কোটি টাকা ব্যয়ে গ্রামীণ পর্যায়ে টেলিটকের টুজি ও থ্রিজি নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ চুক্তি করা হয়েছে। চুক্তিটি বাস্তবায়িত হলে টেলিটকের থ্রিজি নেটওয়ার্ক সব গুরুত্বপূর্ণ উপজেলায় পৌঁছে যাবে।
থ্রিজি নেটওয়ার্ক সম্প্রসারণে গত সপ্তাহে একনেকের সভায় টেলিটকের জন্য ৬৭৬ কোটি টাকা বরাদ্দের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এই প্রকল্পের আওতায় ১ হাজার ২০০ থ্রিজি টাওয়ার ও ৫০০ টুজি টাওয়ার তৈরির পরিকল্পনা করা হয়েছে।