টেলিনর ইয়ুথ ফোরামের নিবন্ধন শুরু

বিশ্বব্যাপী তরুণদের আয়োজন টেলিনর ইয়ুথ ফোরামে বাংলাদেশ থেকে অংশ নিতে ইচ্ছুকদের নিবন্ধন শুরু হয়েছে। রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল রোববার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে টেলিনরের পক্ষে গ্রামীণফোন এ ঘোষণা দেয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গ্রামীণফোনের বহিঃযোগাযোগ বিভাগের প্রধান সৈয়দ তালাত কামাল, মানবসম্পদ ও প্রতিষ্ঠান বিভাগের পরিচালক সৈয়দ তানভীর হোসেন।
এতে জানানো হয়, চলতি বছরের ডিসেম্বর মাসের শেষের দিকে নরওয়ের অসলোতে ইয়ুথ ফোরামটি অনুষ্ঠিত হবে। এ বছর ফোরামের বিষয় নির্ধারিত হয়েছে ‘সবার জন্য জ্ঞান’।
প্রথম ধাপে ২৮ বছরের কম বয়সী শিক্ষার্থী, তরুণ শিক্ষাবিদ ও উদ্ভাবকেরা এই প্রতিযোগিতার জন্য নিবন্ধন করতে পারবেন। টেলিনর গ্রুপের ব্যবসা আছে বাংলাদেশসহ এমন ১৩টি দেশের প্রতিটি থেকে দুজন করে প্রতিযোগী নিয়ে মোট ২৬ জন নরওয়েতে মূল প্রতিযোগিতার জন্য নির্বাচিত হবেন।
আগামী অক্টোবরে বাংলাদেশে একটি সংক্ষিপ্ত বাছাই প্রক্রিয়ার মাধ্যমে স্থানীয় বিচারকদের চূড়ান্ত রায়ে চার ফাইনালিস্ট নির্ধারণ করা হবে। একটি আন্তর্জাতিক নির্বাচন প্যানেলের মাধ্যমে চার ফাইনালিস্ট থেকে দুজন বিজয়ী নির্বাচন করা হবে, যাঁরা বিবেচিত হবেন মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য।