টেলিনর ইয়ুথ ফোরামে যাবেন দুই বাংলাদেশি তরুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেলিনর ইয়ুথ ফোরামে যেতে আগ্রহীদের বাছাই প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও অন্য অতিথিরা l গ্রামীণফোনের সৌজন্যে
টেলিনর ইয়ুথ ফোরামে যেতে আগ্রহীদের বাছাই প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও অন্য অতিথিরা l গ্রামীণফোনের সৌজন্যে

টেলিনর ইয়ুথ ফোরামের চতুর্থ সংস্করণে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের শিক্ষার্থী রাফসান শাবাব খান ও রামিম আহমেদ। গত বুধবার চূড়ান্ত নির্বাচনী পর্বে সাতজন প্রতিযোগীর মধ্য থেকে এই দুই তরুণকে বেছে নেন বিচারকেরা।
নোবেল পিস সেন্টারের সহযোগিতায় টেলিনর আয়োজিত ইয়ুথ ফোরাম ১৩টি দেশের ১৮ থেকে ২৮ বছরের তরুণ-তরুণীদের জীবন বদলানো ধারণা উপস্থাপনের সুযোগ দেয়। আগামী ডিসেম্বরে এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে নরওয়ের অসলোতে।
বিভিন্ন দেশ থেকে বিজয়ীরা সেখানে তিন দিনের সম্মেলনে মিলিত হবেন। এতে তাঁরা মোবাইল ও ডিজিটাল প্রযুক্তির রূপান্তরের ক্ষমতাকে বোঝার এবং নোবেল শান্তি পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ পাবেন। এবার ফোরামের মূলভাব ‘শান্তির জন্য ডিজিটালাইজেশন’।
বাংলাদেশে টেলিনরের অঙ্গপ্রতিষ্ঠান গ্রামীণফোন গত জুলাইয়ে ইয়ুথ ফোরামে অংশ নিতে আগ্রহীদের ধারণাপত্র জমা দিতে আহ্বান জানায়। প্রাথমিকভাবে নির্বাচিত সাতজন প্রতিযোগী প্রতিষ্ঠানটির কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় শিক্ষক, দেশীয় উদ্যোক্তাদের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল এবং সরকারি কর্মকর্তা, সাংবাদিক, ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞদের উপস্থিতিতে তাঁদের ধারণাপত্র উপস্থাপন করেন।
এ বছরের বিজয়ী দুটি ধারণা হচ্ছে তরুণদের অর্থপূর্ণ নেটওয়ার্ক গড়ে তুলতে উদ্যোগী ‘ওয়ান ইয়াং ওয়ার্ল্ড’ এবং দুস্থ ও সুবিধাবঞ্চিতদের জন্য ক্রাউড ফান্ডিং উদ্যোগ ‘উই আর ওয়ান’।
রাজধানীর র্যাডিসন হোটেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। গ্রামীণফোনের ভারপ্রাপ্ত প্রধান করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা হোসাইন সাদাত ও হেড অব কমিউনিকেশনস নেহাল আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।