টেলিনর যুব সম্মেলন উপলক্ষে প্রতিযোগিতা
ডিজিটাল যোগাযোগপ্রযুক্তির সাহায্যে সামাজিক পরিবর্তন ও সবার জন্য সমান সুযোগ তৈরির লক্ষ্যে উদ্ভাবনী পরিকল্পনা করার জন্য তরুণদের উদ্বুদ্ধ করতে প্রতিযোগিতা শুরু করেছে গ্রামীণফোন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতা শুরুর ঘোষণা দেওয়া হয়।
মুঠোফোন-প্রযুক্তির মাধ্যমে সমাজে কীভাবে ইতিবাচক পরিবর্তন আনা যায়, যুবসমাজের কাছ থেকে সেই উদ্ভাবনী ধারণা আহ্বান করছে গ্রামীণফোন। বিজয়ী ধারণাটি আগামী ডিসেম্বরে নরওয়ের অসলোতে অনুষ্ঠেয় ‘টেলিনর যুব সম্মেলন ২০১৪’-এ উপস্থাপন করা হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গ্রামীণফোনের মানবসম্পদ বিভাগের প্রধান কাজী মোহাম্মদ শাহেদ এবং গ্রামীণফোনের মুখপাত্র ও করপোরেট কমিউনিকেশনস বিভাগের প্রধান তাহমীদ আজিজুল হক।
২০১৩ সালের টেলিনর বিশ্ব যুব সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর শিক্ষার্থী সাফা তাসনিম ও সামি তাহসিন সংবাদ সম্মেলনে তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন।