টেলিনরের সিইও আজ আসছেন
টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন ফ্রেডরিক বাকসাস তিন দিনের এক সফরে আজ বাংলাদেশে আসছেন।ঢাকায় টেলিনরের সিইও গ্রামীণফোনের নবনির্মিত সদরদপ্তর জিপি হাউসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। এই সফরকালে তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং অন্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।উল্লেখ্য, গ্রামীণফোন লিমিটেডে টেলিনর গ্রুপের ৫৫ দশমিক ৮০ শতাংশ মালিকানা রয়েছে। আর বিশ্বখ্যাত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম করপোরেশনের রয়েছে ৩৪ দশমিক ২০ শতাংশ মালিকানা। টেলিনর একটি সার্বিক টেলিযোগাযোগ (মোবাইল, ফিক্সড, ব্রডব্যান্ড ও ব্রডকাস্ট কমিউনিকেশন্স সার্ভিসেস) সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। টেলিনর বিশ্বের নেতৃস্থানীয় এবং দ্রুত বর্ধনশীল মোবাইল যোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর অন্যতম। এশিয়া ও ইউরোপের ১২টি দেশে এর আছে সাড়ে ১৯ কোটি গ্রাহক। বিজ্ঞপ্তি।