টেলিযোগাযোগ নিয়ন্ত্রকদের সম্মেলন আজ
দক্ষিণ এশিয়ার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাগুলোর সম্মেলন আজ মঙ্গলবার ঢাকায় শুরু হচ্ছে। ১৭তম সাউথ এশিয়ান টেলিকমিউনিকেশন রেগুলেটরি কাউন্সিল (এসএটিআরসি-১৭) নামের তিন দিনের এই সম্মেলনের আয়োজক এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটি ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আজ সকালে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এ সম্মেলনের উদ্বোধন করবেন আইনমন্ত্রী আনিসুল হক।
এই সম্মেলনে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, আফগানিস্তান, মালদ্বীপ ও ইরান অংশ নেবে।
সম্মেলনটির বিভিন্ন দিক তুলে ধরতে গতকাল সোমবার বিটিআরসিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তাতে বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে সার্ক সম্মেলন স্থগিত হলেও এসএটিআরসির এ সম্মেলন আয়োজিত হতে যাচ্ছে। যাতে পাকিস্তানও অংশ নিচ্ছে।
সম্মেলনের শেষ দিনে এসএটিআরসির নতুন চেয়ারম্যান নির্বাচন হবে।